বাংলাহান্ট ডেস্ক : বলিউড পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় এবার নতুন মোড়। পরিচালককে হত্যার উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল, এমনটাই জানাল পুলিশ। ইতিমধ্যে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
রোহিতের (Rohit Shetty) বাড়ির সামনে গুলি কাণ্ডে নতুন মোড়
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ধৃত দুই অভিযুক্ত সমর্থ শিবশরণ এবং শুভম লোঙ্কার বহুদিন ধরেই রয়েছেন পুলিশের ‘ওয়ান্টেড’ লিস্টে। পরিচালককে খুনের উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়ির সামনে নাকি গুলি চালিয়েছিলেন তাঁরা। পরিচালকের নিরাপত্তারক্ষীও তাঁকে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন।

কীভাবে হয় পরিকল্পনা: পুলিশ সূত্রে খবর, শুভম লোঙ্কারের নির্দেশে হত্যার পরিকল্পনা করা হয় বলে খবর। তিনি ফোন মারফত নির্দেশ দিচ্ছিলেন। অন্যদিকে একটি স্কুটারে করে রোহিতের (Rohit Shetty) বাড়ির সামনে পৌঁছান অন্য অভিযুক্তরা। জানা গিয়েছে, পরিচালকের বাড়ির সামনে পৌঁছানোর আগে অপর একটি স্থানে গিয়েছিলেন তাঁরা, যেখানে স্কুটার নিয়ে এসেছিলেন অপর এক অভিযুক্ত।
আরও পড়ুন : পেট তো মানে না! আনন্দপুর অগ্নিকাণ্ডের সপ্তাহ ঘুরতেই কাজ চালুর দাবি কর্মীদের
যোগ রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের: এই ঘটনার পর বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকার করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। এক ব্যক্তি ওই পোস্টে লেখেন, তাঁদের কাজে নাক গলাতে নিষেধ করা হয়েছিল। কিন্তু পরিচালক শোনেননি। হুঁশিয়ারি দিয়ে আরও লেখা হয়েছে, তাঁদের কথা না শুনলে এরপর আর বাড়ির বাইরে নয়। পরের গুলিটা পরিচালকের শোওয়ার ঘরে চলবে এবং তাঁর বুকে গিয়ে বিঁধবে।
এখানেই না থেমে গোটা বলিউডকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের পথ ঠিক না করলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ অবস্থা হবে। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘আমাদের শত্রুদের বলছি, প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা করো। একটাই দল ছিল, আছে আর থাকবে, লরেন্স বিষ্ণোইয়ের দল’।
















