বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কর্মচারীদের (Government Employees) মধ্যে নতুন আশা জাগিয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। তবে কবে পে কমিশন কার্যকর হবে, নতুন বেতন কাঠামো কেমন হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? এসব নিয়ে প্রশ্ন উঠছে। কবে থেকে নয়া বেতন কমিশনের সুবিধা পেতে শুরু করবেন সরকারি কর্মচারীরা? সম্প্রতি এই বিষয়ে বড় আপডেট দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
অষ্টম পে কমিশন সংক্রান্ত সমস্ত আপডেট | Government Employees
অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে ৩ নভেম্বর, ২০২৫-এ অষ্টম বেতন কমিশন গঠন করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাসের সময়ও দেওয়া হয়েছে। তবে অর্থ প্রতিমন্ত্রীর আশ্বাসের পরও বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে সরকারি কর্মচারীদের মনে।
এই বিষয়ে GenZCFO-র প্রতিষ্ঠাতা মণীশ মিশ্রর কথায়, ‘বাস্তবে বর্ধিত বেতন কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ বছরের শেষের দিকে বা ২০২৬-২৭ অর্থবর্ষে পৌঁছতে পারে।’ পূর্বের বেতন কমিশনগুলির ক্ষেত্রেও দেরি দেখা গিয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি।
সরকারি কর্মীদের জন্য আশার খবর শুনিয়ে তিনি আরও জানিয়েছেন, ‘বেতন কমিশনের সুপারিশ অনুমোদনের পর বাস্তবে টাকা দেওয়া হলেও ১ জানুয়ারি ২০২৬ থেকেই বকেয়া টাকার হিসেব করা হবে।’ নয়া পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? কতটা বাড়বে মাস মাইনে? এই নিয়েও তুঙ্গে জল্পনা।
প্রকৃত বেতন বৃদ্ধি বলতে বোঝায় মুদ্রাস্ফীতির প্রভাব বাদে বেতনের প্রকৃত উন্নতি। মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিয়ে বেতনের প্রকৃত অর্থে কতটা বাড়ছে সেই পরিমাণ। একজন কর্মচারী বাস্তবে আগের তুলনায় কতটা বেশি জিনিস কিনতে পারছেন সেই ব্যবধান হল প্রকৃত বেতন বৃদ্ধি। খাতায়-কলমে কতটা বেতন বাড়বে তার থেকেই বেশি চৰ্চা হচ্ছে প্রকৃত বেতন কতটা বাড়বে তা নিয়ে। আগের তুলনায় একজন কর্মচারী বাস্তবে কতটা বেশি জিনিস ক্রয় করতে পারছেন, সেটাই প্রকৃত বেতন বৃদ্ধির আসল হিসাব।
উল্লেখ্য, এর আগে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধি অনেকটাই কম হয়েছিল। সেক্ষেত্রে কী হবে, সেই নিয়ে আশঙ্কা রয়েছে সরকারি কর্মীদের। ২য় বেতন কমিশনের ক্ষেত্রে ১৪.২ শতাংশ, ৩য় বেতন কমিশনে ২০.৬ শতাংশ, ৪র্থ বেতন কমিশনে ২৭.৬ শতাংশ, ৫ম বেতন কমিশনে হয়েছিল প্রায় ৩১ শতাংশ এবং ৬ষ্ঠ বেতন কমিশন সর্বোচ্চ, প্রায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে সপ্তম বেতন কমিশনে তা নেমে দাঁড়ায় ১৪%-এ। অষ্টম পে কমিশনে প্রাথমিক ভাবে মাঝারি হারের বৃদ্ধির আশা করা হচ্ছে।

আরও পড়ুন: এপ্রিলে প্রকাশ BJP-র ‘সঙ্কল্পপত্র’, বাংলার জন্য কী কী বড় প্রতিশ্রুতি থাকছে জানুন
এই বিষয়ে কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ভিশন অফিসার প্রতীক বৈদ্য জানান, ‘বর্তমান প্রত্যাশা মূলত আগের বেতন কমিশন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারণ করা হচ্ছে।’













