বাংলাহান্ট ডেস্ক: দিনভর দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। হবে কালবৈশাখী ঝড়ও। আবহাওয়া দপ্তরের তরফে বিশেষ সতর্কতাও জারি হয়েছে এক জেলার ক্ষেত্রে। সবমিলিয়ে কোথায় কেমন থাকবে পরিস্থিতি? বাইরে বেরোনোর আগে আপডেট জেনে রাখুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া। কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আবার কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এর মধ্যে আগামী ২ থেকে ৩ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা জেলাতে কিছু অংশে মাঝারি বজ্রপাত এর সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় দমকা বাতাস এবং বাতাসের গতি ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলের পর বুধবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: ভোটের মুখে বড় ধাক্কা! জোড়া মামলা খারিজ করে কমিশনের সিদ্ধান্তেই ভরসা রাখল হাই কোর্ট
উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়া বইবে এদিন। মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার থেকে ঝড়-বৃষ্টি কমতে শুরু করবে, আর বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে।













