বাংলাহান্ট ডেস্ক: কেরলের (Kerala) রাজনীতিতে দীর্ঘদিনের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। নির্বাচনী সাফল্যের পর রাজ্য কংগ্রেস শিবিরে যখন উৎসবের আবহ, ঠিক তখনই দলের অন্দরের একটি অস্বস্তিকর ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কোল্লাম কেন্দ্র থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়া বিন্দু কৃষ্ণার সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা চেরিয়ান ফিলিপের আচরণ নিয়ে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
কেরালায় (Kerala) কংগ্রেস দফতরে মহিলা বিধায়কের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ভিতরে প্রবেশ করছিলেন ৪৮ বছর বয়সি বিন্দু কৃষ্ণা। সেই সময় প্রথমে কয়েকজন কর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর ৭১ বছর বয়সি প্রবীণ নেতা চেরিয়ান ফিলিপের সামনে পৌঁছন। বিন্দু প্রথমে নমস্কার করেন এবং পরে করমর্দনের জন্য হাত বাড়ান। কিন্তু অভিযোগ, সেই সময় ফিলিপ তাঁকে আলিঙ্গনের চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, বিন্দু হাত দিয়ে সেই চেষ্টা ঠেকানোর চেষ্টা করছেন। তবুও কয়েক মুহূর্তের জন্য তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন প্রবীণ নেতা। পরে অবশ্য তিনি সরে যান।
আরও পড়ুন: ইস্তফা দিতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা! সংবিধান মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল
ঘটনাটি ঘটার সময় আশপাশে উপস্থিত ছিলেন একাধিক নেতা, কর্মী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। প্রকাশ্যে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। বহু নেটাগরিকের বক্তব্য, কোনও মহিলা আপত্তি জানানোর পরেও তাঁর ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া একেবারেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চেরিয়ান ফিলিপের আরও সংযত আচরণ করা উচিত ছিল বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
CONg anti women culture on full display here as Sr CONg leader Cherian Philip tried to forcibly hug Kollam MLA Bindu Krishna
Will @priyankagandhi take action?
Now you see why CONg opposes Naari Shakti Vandan Adhiniyam
kuch bologe @SupriyaShrinate ? pic.twitter.com/Am3M0jqMe7
— Sameer (@BesuraTaansane) May 7, 2026
সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ঘটনাকে ‘অশালীন আচরণ’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, একজন মহিলা বিধায়কের সঙ্গেও যদি এমন আচরণ করা হয়, তবে সাধারণ মহিলাদের পরিস্থিতি কী হতে পারে। আবার একাংশের দাবি, দলের পক্ষ থেকে চেরিয়ান ফিলিপের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। কিছু পোস্টে ঘটনাটিকে ‘ইভ টিজিং’-এর সঙ্গেও তুলনা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: প্রকাশ্যে প্রস্রাব করলেই দেখা যাবে প্রতিবিম্ব! এই রাজ্যে রাস্তার ধারে বসল স্টিলের প্যানেল
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি চেরিয়ান ফিলিপ কিংবা বিন্দু কৃষ্ণা। ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেরলে (Kerala) কংগ্রেসের ক্ষমতায় ফেরার আনন্দের মাঝেই এই ভিডিও দলের ভাবমূর্তিতে ধাক্কা দিতে পারে। বিশেষ করে নারী নিরাপত্তা ও ব্যক্তিগত সম্মানের মতো সংবেদনশীল ইস্যুতে বিরোধীরা এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলেই মনে করা হচ্ছে।













