ফের ময়দানে তৃণমূলনেত্রী! পুরভোটের আগে মেয়র-কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার

Published on:

Published on:

Mamata Banerjee calls mayor and councilors to Kalighat ahead of municipal elections
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা ভোটে বড় ধাক্কার পর সংগঠনকে ফের চাঙ্গা করতে নয়া কৌশল নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এখন দলের প্রধান লক্ষ্য পুর নির্বাচন। যদিও রাজ্যের অধিকাংশ পুরবোর্ড এখনও তৃণমূলের নিয়ন্ত্রণে, তবুও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে একাধিক জায়গায় অস্বস্তি তৈরি হয়েছে শাসকদলের অন্দরে। এই পরিস্থিতিতেই পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পুর প্রতিনিধিদের নিয়ে মমতার (Mamata Banerjee) বৈঠক

সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে উত্তর শহরতলির গুরুত্বপূর্ণ পুরসভাগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধাননগর পুরনিগমের জনপ্রতিনিধিদেরও ডাকা হয়েছে ওই বৈঠকে।

উল্লেখ্য, দমদম লোকসভা সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রবিবার তিনি নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন পুরপ্রতিনিধির কাছে বৈঠকের খবর পৌঁছে দেন। এর আগে সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুরনিগমের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা সেরে ফেলেছেন তিনি। এবার জেলার পুরসভাগুলিকে সংগঠিত রাখতে আরও সক্রিয় হচ্ছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক অস্থিরতার আবহে দলবদল বা বোর্ড হাতছাড়া হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে জনপ্রতিনিধিদের ভরসা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্য, “নির্বাচিত বোর্ড আইনিভাবে মাঝপথে ভেঙে দেওয়া যায় না। একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই তা ছিনিয়ে নেওয়া সম্ভব।”

এদিকে সংগঠনের ভিত মজবুত করতে যুব নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব সংগঠনের সভাপতির পদ থেকে সরানো হয়েছে সার্থক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন শ্রীদীপ দাস।

Mamata Banerjee calls mayor and councilors to Kalighat ahead of municipal elections

আরও পড়ুন : অভিষেকের বাড়িতে হঠাৎ পুলিশ! ‘শান্তিনিকেতন’ থেকে মনিটর নিয়ে যাওয়ায় বাড়ল রহস্য

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরভোটের আগে দক্ষিণ কলকাতার সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতেই এই রদবদল করেছে তৃণমূল। পুর নির্বাচনকে সামনে রেখে এখন সংগঠন ধরে রাখা এবং জনপ্রতিনিধিদের একসঙ্গে রাখাই তৃণমূলের বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই কালীঘাট থেকে বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।