গরমের দাপটে বদল স্কুলের সময়সূচি, মর্নিং শিফট নিয়ে নয়া নির্দেশ

Published on:

Published on:

West Bengal School time table changes due to heat wave
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন প্রান্তে গরমের দাপট ক্রমশ বাড়ছে। দুপুরের দিকে তাপমাত্রা ও আর্দ্রতার জেরে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়ারাও। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। আগামী পনেরো দিনের জন্য প্রয়োজন অনুযায়ী স্কুলগুলিকে (West Bengal School) সকালবেলার শিফটে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

স্কুল (West Bengal School) হবে মর্নিং শিফটে

সোমবার বিকাশ ভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি জেলার আবহাওয়া একরকম নয়। তাই স্থানীয় পরিস্থিতির মূল্যায়ন করে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মতো সময়সূচি নির্ধারণ করতে পারবে। কোথাও যদি তীব্র গরমের কারণে স্বাভাবিক সময়ে ক্লাস করানো কঠিন হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে সকালেই পঠনপাঠনের ব্যবস্থা করা যাবে। নতুন নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একইসঙ্গে শিক্ষার পরিবেশ যাতে ব্যাহত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।‌

ইতিমধ্যেই, জেলার স্কুল পরিদর্শকদের কাছে পৌঁছে গিয়েছে নির্দেশ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এই সিদ্ধান্ত প্রযোজ্য। নতুন সময়সূচি চালু করার আগে শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক এবং পড়ুয়াদের যথাসময়ে জানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এর আগে অস্বাভাবিক গরমের কারণে রাজ্যের অধিকাংশ স্কুলে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বাড়ানো হয়েছিল।

West Bengal School time table changes due to heat wave

আরও পড়ুন : তৃণমূলে বড় ভাঙন আসন্ন! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৫০ বিধায়ক

প্রথমে ছুটি ১১ মে পর্যন্ত থাকার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষ হওয়ার পর সোমবার থেকে ফের
স্কুলে ফিরেছে পড়ুয়ারা। কিন্তু জুন মাস শুরু হলেও তাপমাত্রার পারদ খুব একটা নামেনি। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক অঞ্চলে আগামী কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। গরমের কারণে পড়ুয়াদের যাতে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছে শিক্ষা মহল।