বাংলা হান্ট ডেস্কঃ কোটি কোটি পিএফ গ্রাহকের জন্য বড় সুখবর। কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ব্যবস্থা আনতে চলেছে ইপিএফও (EPFO)। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের শেষ থেকেই এটিএম এবং ইউপিআইয়ের মাধ্যমে পিএফের টাকা তোলা যেতে পারে। এতে টাকা পাওয়ার জন্য আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না বলে মনে করা হচ্ছে।
EPFO 3.0-এ বড় পরিবর্তনের ইঙ্গিত
ইপিএফও-র নতুন সংস্করণ EPFO 3.0 চালুর প্রস্তুতি অনেকটাই শেষ। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আগেই জানিয়েছিলেন, কর্মীদের সুবিধার জন্য দ্রুত এই নতুন ব্যবস্থা চালু করা হবে। জানা গিয়েছে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র সহযোগিতায় প্রয়োজনীয় পরীক্ষা ও ট্রায়ালের কাজও সম্পূর্ণ হয়েছে।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুন মাসের শেষ দিকেই এই পরিষেবা চালু হতে পারে বলে খবর।
কত টাকা তুলতে পারবেন?
সূত্রের খবর, নতুন ব্যবস্থা চালু হলে গ্রাহকরা তাঁদের পিএফ অ্যাকাউন্টে জমা থাকা মোট টাকার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত এটিএম বা ইউপিআইয়ের মাধ্যমে তুলতে পারবেন। ফলে জরুরি প্রয়োজনের সময় দ্রুত টাকা হাতে পাওয়া যাবে। তবে পুরো টাকা একসঙ্গে তোলা যাবে না। মোট টাকার ২৫ শতাংশ অ্যাকাউন্টেই রাখা হবে, যা ভবিষ্যতে অবসরের সময় আর্থিক সুরক্ষার জন্য কাজে লাগবে।

আরও পড়ুনঃ নেতাদের উপর একের পর এক ডিম-হামলা, শেষমেশ আদালতে গড়াল বিতর্ক! মামলায় জুড়ল কুণাল ঘোষের নাম
শুধু টাকা তোলার সুবিধাই নয়, অটো-সেটেলমেন্ট ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনার ভাবনা চলছে। বর্তমানে যেখানে ১ লক্ষ টাকা পর্যন্ত অটো-সেটেলমেন্টের সুবিধা রয়েছে, সেখানে সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এখনও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে জুনের শেষ থেকেই EPFO 3.0-এর নতুন সুবিধাগুলি চালু হওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

















