বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! জানুয়ারি থেকে গ্রাহকদের জন্য চালু হচ্ছে নতুন ব্যবস্থা

Published on:

Published on:

Major decision by Nabanna regarding electricity bills

বাংলা হান্ট ডেস্ক : একসঙ্গে কয়েক মাসের বিদ্যুৎ খরচের টাকা মেটাতে গিয়ে অনেক গ্রাহককেই আর্থিক চাপের মুখে পড়তে হয়। বিশেষ করে তিন মাসের বিল (Electricity Bill) একসঙ্গে হাতে এলে খরচের হিসাব সামলানো কঠিন হয়ে ওঠে। এই পরিস্থিতি বদলাতেই এবার বিদ্যুৎ বিল সংগ্রহের পদ্ধতিতে রদবদল করতে চলেছে রাজ্য সরকার।

বিদ্যুৎ বিলে (Electricity Bill) বড় পরিবর্তন

আগামী বছরের শুরু থেকেই রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের জন্য চালু হতে চলেছে মাসিক বিলের ব্যবস্থা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন ব্যবস্থায় গ্রাহকদের আর তিন মাসের বিদ্যুৎ ব্যবহারের হিসাব একসঙ্গে মেটাতে হবে না। প্রতি মাসের খরচ অনুযায়ী আলাদা বিল পাঠানো হবে। আগামী জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

Major decision by Nabanna regarding electricity bills

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গ্রাহকদের তরফে যে দাবি জানানো হচ্ছিল, সেই সমস্যার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে বিদ্যুৎ বিলের পাশাপাশি স্মার্ট মিটার নিয়েও আগে একাধিক প্রশ্ন উঠেছিল। গত জুলাই মাসে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গ্রাহকদের উপর স্মার্ট মিটার বসানোর বাধ্যবাধকতা চাপানো হবে না। সোমবারের বৈঠকের পর অবশ্য এই প্রসঙ্গে নতুন করে কোনও বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : শীতের উইকেন্ডে মন ভালো করতে ঘুরে আসুন পাথর ডুংরি

বর্তমানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতায় থাকা গ্রাহকদের তিন মাসের বিল একসঙ্গে পাঠানো হয়। এই ব্যবস্থায় অনেক সময় আগের দুমাসের খরচও পরবর্তী বিলের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে একবারে বড় অঙ্কের টাকা জমা দিতে হয় গ্রাহকদের। মাসিক বিল চালুর দাবি ওঠার পিছনে মূল কারণ ছিল এই আর্থিক চাপ এবং খরচের হিসাব রাখার অসুবিধা। নতুন নিয়ম চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে শুধু বিদ্যুৎ বিলের নিয়ম বদল নিয়েই আলোচনা হয়নি। রাজ্যের বিভিন্ন দফতরে নতুন নিয়োগের সিদ্ধান্তের কথাও সামনে এসেছে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘ভরসা’ প্রকল্প নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।