বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীদের চোখ রয়েছে বিশ্বকাপের দিকে। এদিকে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এ পর্তুগালের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। পর্তুগাল তার প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে। তারপরেই দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, ফুটবল বিশেষজ্ঞ এবং অনুরাগীদের একাংশ মনে করেছেন যে, ৪১ বছর বয়সী রোনাল্ডোর সীমিত গতিশীলতা পর্তুগালের আক্রমণভাগকে প্রভাবিত করছে। যদিও, দলের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও এই সমালোচনাগুলি খারিজ করে দিয়ে স্পষ্টভাবে রোনাল্ডোর পক্ষ নিয়ে বলেছেন যে, দলের খেলোয়াড়রা শুধু রোনাল্ডোকে বল দেওয়ার চাপে খেলেন না এবং সবসময় মাঠের ভালো অবস্থানে থাকা খেলোয়াড়কেই পাস দেন।
রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রসঙ্গে কী জানালেন পর্তুগালের তারকা ফুটবলার ফ্রান্সিসকো কনসেইসাও?
‘রোনাল্ডোকে বল পাস করতে আমরা বাধ্য নই’: বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে কনসেইসাও বলেন, ‘যেকোনও মূল্যে রোনাল্ডোকে বল দিতে হবে, এমনটা আমরা মনে করি না। আমি সেই খেলোয়াড়কেই বল পাস করি, যাকে আমি সবচেয়ে ভালো অবস্থানে এবং বিনা মার্কিংয়ের অবস্থায় দেখি। এদিকে, এই বিবৃতিটি এমন এক সময়ে সামনে এসেছে যখন পর্তুগালের খেলা নিয়ে নানা আলোচনা চলছে এবং রোনাল্ডোর ভূমিকা নিয়ে নিরন্তর বিতর্ক চলছে।

‘রোনাল্ডো একজন টিম লিডার’: কনসেইসাও আরও স্পষ্ট করেছেন যে, ড্রেসিংরুমে রোনাল্ডোকে আলাদা কোনও শ্রেণিতে দেখা হয় না। তাঁর মতে, দলের সাফল্য সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করে। কনসেইসাও বলেন, ‘ক্রিশ্চিয়ানো দলেরই একজন সদস্য। তাঁর কেরিয়ার, তাঁর ক্ষুধা এবং খেলার প্রতি তাঁর নিবেদনের কারণে তিনি একটি উদাহরণ। এমনকি ৪১ বছর বয়সেও। গোল করার ক্ষেত্রে তাঁর মতো আর কেউ নেই। অন্যান্য খেলোয়াড়দের মতোই তিনিও দলকে সাহায্য করতে এখানে এসেছেন।’
উজবেকিস্তানের বিরুদ্ধে পরীক্ষা: জানিয়ে রাখি যে, আগামী মঙ্গলবার হিউস্টনে পর্তুগাল উজবেকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচটি রোনাল্ডো এবং তাঁর দল উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি খারাপ ফলাফল শুধু পর্তুগালকে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার পথকেই জটিল করে তুলবে না, বরং রোনাল্ডোকে ঘিরে চলমান বিতর্ককেও আরও তীব্র করবে। এই মুহূর্তে পর্তুগিজ শিবিরের বার্তা স্পষ্ট দলটি কোনও একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। তবে, রোনাল্ডোর অভিজ্ঞতা ও নেতৃত্ব এখনও দলের অন্যতম বড় শক্তি।
আরও পড়ুন: বড় ধামাকা PNB-র! লঞ্চ হল নতুন ক্রেডিট কার্ড, মিলবে, একগুচ্ছ সুবিধা, জানুন এখনই
‘দল চাপ ও সমালোচনা বোঝে’: উল্লেখ্য যে,না ডিআর কঙ্গোর বিরুদ্ধে পয়েন্ট হারানোর পর পর্তুগালের ওপর চাপ বেড়েছে। এখন গ্রুপ ‘কে’-তে নিজেদের অবস্থান শক্তিশালী করতে উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগালের জয় অত্যন্ত প্রয়োজনীয়। এমতাবস্থায় জ কনসেইসাও স্বীকার করেছেন যে, দলের খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ছিলেন। কনসেইসাও বলেন, ‘আমাদের চেয়ে বেশি খারাপ আর কেউ অনুভব করেনি। আমরা নিজেরাই অনুভব করেছি যে, আমরা আমাদের কাজ ঠিকমতো করতে পারিনি। ফলাফল ভালো না হলে চাপ ও সমালোচনা বৃদ্ধি স্বাভাবিক। এখন আমরা নিজেদের যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে পরবর্তী ম্যাচটি জিততে চাই।’
















