বাংলা হান্ট ডেস্ক : মহরম উপলক্ষে আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লালবাজারের (Lalbazar) তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। শহরের সব থানাকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়।শুক্রবার রাজ্যজুড়ে মহরম পালিত হবে। তার আগে প্রতিটি থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিরা বৈঠক করেন। সেই বৈঠকেই উৎসব ঘিরে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশাবলি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়।
মহরমের জন্য কি নির্দেশিকা জারি করেছে লালবাজার(Lalbazar)
লালবাজার থেকে জারি করার নির্দেশিকা জানানো হয়েছে মহরমের দিন কোন ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। বাজানো যাবে না ডিজে এবং উঁচু তাজিয়া তৈরি করা যাবে না। নতুন করে কোন শোভাযাত্রার অনুমতি মিলবে না বলেই জানানো হয়েছে। সম্প্রীতি বজায় থাকার দিকেই নজর পুলিশের।
পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এ বছর নতুন করে কোনও মহরমের মিছিল বা শোভাযাত্রার অনুমোদন দেওয়া হবে না। যে শোভাযাত্রাগুলি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট রুটে অনুষ্ঠিত হয়ে আসছে, কেবলমাত্র সেগুলিই অনুমতি পাবে। পাশাপাশি কোনও মিছিলে অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু বহন কিংবা প্রদর্শনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এমনকি তাজিয়া নিয়েও সতর্কবার্তা দিয়েছে পুলিশ। নির্দেশ অনুযায়ী, তাজিয়ার উচ্চতা এমন হতে হবে যাতে রাস্তার উপর থাকা বিদ্যুতের তার, কেবল বা অন্যান্য পরিকাঠামোর ক্ষতির আশঙ্কা না থাকে। এ বিষয়ে আয়োজকদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। মাইকের ব্যবহার করা হলেও তা আদালত নির্ধারিত শব্দসীমার মধ্যেই রাখতে হবে। শব্দদূষণ রোধে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : তৃণমূল আমলে ভুয়ো একাউন্টে কোটি কোটি টাকা! কোন প্রকল্পে কত লুট ? ফাঁস করলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, শোভাযাত্রার সময় এমন কোনও বক্তব্য বা বার্তা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা অপ্রয়োজনীয় বিতর্ক বা উত্তেজনার কারণ হতে পারে। থানাগুলিকে আয়োজকদের সঙ্গে বৈঠক করে সমস্ত নিয়মকানুন বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মহরমের দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যে সব রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোই পুলিশের মূল লক্ষ্য।













