বাংলাহান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে বিস্তর অভিযোগ শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হলেও সকল ‘যোগ্যরা’ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। অনেকে আবার জুন মাসে টাকা পেয়েও জুলাইতে পাননি। সবমিলিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। এরই মধ্যে উদ্বিগ্নদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। (Chief Minister Suvendu Adhikari)
কী বললেন মুখ্যমন্ত্রী? CM on Annapurna Yojana
শুক্রবার কলকাতায় ফেরার পথে উত্তরবঙ্গের বাগডোগরায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যে ১ কোটি ৩০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন, তাঁদের বড়ো অংশ উত্তরবঙ্গের। ধূপগুড়ি এবং পুরাতন মালদহের ক্ষেত্রে যাঁরা জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, তাঁদের কেউ কেউ এ মাসে বঞ্চিত হয়েছেন।
সেই সকল উপভোক্তাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, জুনে ২৮ লক্ষ মহিলা ওই টাকা পেয়েছিলেন। এবার আমি নিজেই ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার মহিলার টাকা ট্রান্সফার করেছি। পরে আরও পেয়েছেন। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন। এর মধ্যে পোর্টালে কিছু নাম আপলোডের সময় ভুল হয়েছে। তবে চিন্তার কিছু নেই। যোগ্যরা টাকা পাবেন বলে স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা নিয়ে নয়া নির্দেশ সরকারের | Annapurna Yojana
এদিকে অন্নপূর্ণা যোজনার ২৭.৮৩ লক্ষ বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখার নির্দেশ এসেছে। সরকারি এই প্রকল্পে সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে জেলা প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, আয়করদাতা, তিনটির বেশি কক্ষবিশিষ্ট বাড়ির মালিক এবং GSTIN-ধারীদের আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে।
তবে কোনও যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হন, সেজন্য বাতিল হওয়া প্রতিটি আবেদন পুনরায় বাড়ি গিয়ে পরিদর্শন করে কিংবা তদন্ত করে তথ্য পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জমা পড়া প্রতিটি আবেদন অনলাইন হোক বা অফলাইন, বাধ্যতামূলকভাবে যাচাই করে মন্তব্য পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ৫ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে এই সমীক্ষা কাজ শেষ করে পোর্টালে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে বড় ঘোষণা, নতুন সরকারি প্রকল্প চালু হচ্ছে রাজ্যে
কোনো ক্ষেত্রে আধার বা ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে টাকা না ঢুকলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত যাতে সমস্যা মেটানো হয় সেই নির্দেশ দিয়েছে সরকার। গোটা প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে তা পর্যালোচনার জন্য আগামী ১ আগস্ট ফের হবে উচ্চপর্যায়ের বৈঠক।













