বাংলাহান্ট ডেস্ক: জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হলেও সকল ‘যোগ্যরা’ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। শুধু তাই নয়, এই প্রকল্পের সুবিধা ‘অযোগ্যরাই’ বেশি পাচ্ছেন বলে অভিযোগ। এই সমস্ত বিতর্কের মাঝেই বড় পদক্ষেপের পথে রাজ্য।
অন্নপূর্ণা যোজনার নয়া পোর্টাল আসছে | Annapurna Yojana
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে ১ কোটি ৩০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। ১লা জুলাই দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলেছে ভ্যারিফাইড অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের টাকা না পান সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। পাশাপাশি কোনও যোগ্য মহিলা প্রাপককেও কোনওভাবে বঞ্চিত করা হবে না।
এই বিষয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেন, “অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে। ৩ জুনে এই প্রকল্প চালু হওয়ার পরই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। আমাদের কাজ চলছে এখনও”। ১০ই জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া সমস্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করবে রাজ্য। পাশাপাশি সমস্ত অফলাইন আবেদনপত্র ডিজিটাইজকরণের কাজ করবে।

আরও পড়ুন: মুসলিম হয়েও দুর্গাপুজো করতেন বাড়িতে, NIA-র হাতে গ্রেফতার হওয়া সাকির আলি আসলে কে?
সূত্রের খবর, প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা পোর্টালটিকেও অতিরিক্ত বৈশিষ্ট্য সম্পন্ন করা হচ্ছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে মুখ্যসচিব বলেন, “নতুন পোর্টাল চালু হবে। ওই পোর্টালে ঢুকেই সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। অর্থাৎ, উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে এই পোর্টালে।” পাশাপাশি থাকবে দাবি ও অভিযোগ জানানোর অপশনও। আপনার এলাকায় কেউ ‘অযোগ্য’ হয়েও প্রকল্পের সুবিধা নিচ্ছেন মনে করলে সেটাও জানানো যাবে পোর্টালে।













