বাংলা হান্ট ডেস্ক : শহরের মেট্রো পরিষেবাকে আরও সুরক্ষিত, শৃঙ্খলাবদ্ধ এবং যাত্রীবান্ধব করে তুলতে একাধিক কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এতদিন দূরপাল্লা ও লোকাল ট্রেনে যে ধরনের বিধিনিষেধ কার্যকর ছিল, এবার সেই ধাঁচেই মেট্রো পরিষেবাতেও চালু হতে চলেছে ‘জন বিশ্বাস আইন, ২০২৬’। নতুন ব্যবস্থায় বিভিন্ন ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কিছু অপরাধের জন্য কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।
কলকাতা মেট্রোয় (Kolkata Metro) জরিমানা
প্রতিটি স্টেশনে নতুন নির্দেশিকা সংবলিত বিজ্ঞপ্তি লাগানোর কাজ শুরু হয়েছে, যাতে যাত্রীরা আগে থেকেই নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন। নতুন নিয়ম কার্যকর হলে বিনা টিকিটে যাতায়াতের জন্য ৫০০ টাকা জরিমানা নেওয়া হতে পারে। আগে এই অপরাধে ২৫০ টাকা জরিমানা ধার্য ছিল। এমনকি কম দূরত্বের টিকিট কেটে নির্ধারিত সীমার বাইরে যাত্রা করলেও একই শাস্তি প্রযোজ্য হবে।
পাশাপাশি অনেক সময় একজন বৈধ যাত্রীর সঙ্গে একই গেট ব্যবহার করে অন্য কেউ বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে। নতুন নিয়মে সেই ব্যক্তিকেও টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা নেওয়া হবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রোর কোনো অংশে ধূমপানের অনুমতি নেই। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। প্রয়োজনে তাঁর টিকিট বা স্মার্ট কার্ডও বাজেয়াপ্ত করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে, তাঁকে আদালতের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হতে পারে।
মেট্রো নতুন নিয়মে, মদ্যপ অবস্থায় কোনও যাত্রী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তাঁকে অবিলম্বে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড, অথবা উভয় শাস্তিই দেওয়া হতে পারে। শৃঙ্খলা রক্ষায় অশালীন আচরণের বিরুদ্ধেও কড়া অবস্থান নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশন বা ট্রেনের ভিতরে অশালীন ভাষা প্রয়োগ, অসভ্য আচরণ কিংবা অন্য যাত্রীদের হয়রানির অভিযোগ প্রমাণিত হলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীর টিকিটও বাতিল করা হতে পারে।
নতুন বিধি শুধু যাত্রীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। মেট্রোর কর্মীরাও এই আইনের আওতায় থাকবেন। দায়িত্ব পালনের সময় কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা দুই ধরনের শাস্তিই দেওয়া যেতে পারে।
এছাড়া অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন ঘটনায় ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কেউ জরিমানা দিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুন :বুধবার মিছিল করতে পারবে তৃণমূল! লোকসংখ্যা, সময়সীমা, রুট বেঁধে অনুমতি দিল হাইকোর্ট
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, সকল যাত্রী যেন নিয়ম মেনে চলেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। মেট্রো আধিকারিকদের বক্তব্য, নতুন আইন কার্যকর হওয়ার আগে থেকেই যাত্রীদের সচেতন করার কাজ শুরু হয়েছে, যাতে নিয়ম সম্পর্কে সবাই আগে থেকেই অবগত থাকেন।নতুন আইন কার্যকর হওয়ার পর নিয়মভঙ্গের ক্ষেত্রে আর কোনও ধরনের শিথিলতার সুযোগ থাকবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই জরিমানা বা আইনি জটিলতা এড়াতে প্রতিটি যাত্রীরই মেট্রো কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা জরুরি।













