বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মানেই ছুটির দিন। প্রিয়জনের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকে। আপনারও যদি আজ কোথাও ঘুরতে বেরনোর প্ল্যান থাকে তাহলে অবশ্যই শহর কলকাতার ট্রাফিকের (Kolkata Traffic Update) হালহকিকত জেনে নেওয়া জরুরি। কারণ আজ দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) ও চিংড়িঘাটা উড়ালপুল (Chingrighata Flyover) বন্ধ রয়েছে।
রবিবার কলকাতার ট্রাফিক আপডেট | (Kolkata Traffic Update)
দ্বিতীয় হুগলি সেতু ও চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তবে আজ এই দু’টিই বন্ধ। দুই জায়গাতেই কাজ চলছে, সেই কারণে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুনঃ কীসের ভিত্তিতে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা? বিতর্ক বাড়তেই পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী
দ্বিতীয় হুগলি সেতুতে বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের উদ্যোগে দ্বিতীয় হুগলি সেতুর হোল্ড ডাউন কেবল, স্টে কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ হবে। যাতায়াতকারীদের সুরক্ষার কথা ভেবে এই কাজ করা হচ্ছে। সেই কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতুর উদ্দেশে পশ্চিমমুখী সকল যানবাহন হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজ ব্যবহার করে তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে হবে। আজ সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, রাত ১০টা অবধি বন্ধ থাকবে।

অন্যদিকে চিংড়িঘাটা উড়ালপুলেও কাজ চলছে। সেই কারণে আজ সারাদিন এই ফ্লাইওভার বন্ধ থাকবে। তবে রবিবার ছুটির দিন হওয়ায় শহরের যান চলাচল ব্যবস্থা বিশেষ প্রভাবিত হবে না বলে আশা করছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।
লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে আরও জানা গিয়েছে, আজ সারাদিন কলকাতায় কোনও মিটিং-মিছিল হওয়ার খবর নেই। অর্থাৎ এর জন্য কোনও রাস্তাঘাট বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।













