বাংলা হান্ট ডেস্ক : বাল্যবিবাহের বিরুদ্ধে এবার প্রশাসনিক নজরদারির পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু মেয়ের পরিবার নয়, বিয়ের আয়োজনের পিছনে যাঁদের ভূমিকা রয়েছে, তাঁদেরও চিহ্নিত করার পরিকল্পনা করছে সরকার। ফলে আগামী দিনে বাল্যবিবাহের ঘটনায় নতুন করে চাপে পড়তে পারেন ম্যারেজ রেজিস্ট্রার, কাজী ও পুরোহিতরা।
বাল্যবিবাহ নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস। তার আগে এই সামাজিক অপরাধ বন্ধ করতে সরকারের পরবর্তী পদক্ষেপের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর থেকেই নাবালিকাদের বিয়ে এবং অল্প বয়সে মাতৃত্বের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন মুখ্যমন্ত্রী। এর আগে তিনি জানিয়েছিলেন, ১৮ বছর হওয়ার আগেই কোনও মেয়ের সন্তান জন্মালে তার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হবে। প্রয়োজনে সরকার নিজেই মামলা দায়ের করবে। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ-সুবিধা এবং সামাজিক ভাতা পাওয়ার ক্ষেত্রেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

সেই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। একাধিক ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ধরনের ঘটনায় নাবালিকাদের অপরাধী হিসেবে দেখা হবে না। এই প্রসঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামিদিনে আমি চেষ্টা করব, ম্যারেজ রেজিস্ট্রার, কাজী এবং যাঁরা আসলে ‘সোর্স’, সেটা বন্ধ করতে হবে। আমাদের যাঁরা ধর্মীয় রীতিনীতি পালন করেন, সে তিনি হিন্দু হোন বা মুসলিম, কিংবা অন্য যে কোনও ধর্মের, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা দরকার।”
আরও পড়ুন :সহজেই ডিজিটাল করুন জন্মের শংসাপত্র, আবেদনের আগে জানুন নিয়ম
বাল্যবিবাহের প্রকৃত চিত্র কতটা ভয়াবহ, তা বোঝাতে চলতি বছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যান সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যে প্রায় সাত হাজার নাবালিকা সন্তানের জন্ম দিয়েছে। এদের মধ্যে অনেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। মুখ্যমন্ত্রী বলেন, “১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, তা খুবই ভয়ঙ্কর। এটা ‘ইনস্টিটিউশনাল ডেলিভারি’র তথ্য।” তবে এই পরিসংখ্যান দিয়ে রাজ্যের মোট বাল্যবিবাহের সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি আরও বলেন, “এটা ভয়ঙ্কর অসুখ। এ জন্য সরকারি ভাবে পদক্ষেপ করা হচ্ছে। পকসো আইনে মামলাও রুজু হচ্ছে। কিন্তু এত বড় জেল তো নেই! সে জন্য সচেতন করতে হবে সকলকে। সরকারি তরফে আমরা ব্যবস্থা নিয়েছি।”
মুখ্যমন্ত্রীর মতে, আর্থিক অনটনও বাল্যবিবাহের অন্যতম কারণ। তিনি বলেন, “আমরা অভিভাবকদের বিরুদ্ধে কড়া হতে চাইছি। তাদের অনুমতি ছাড়া তো হয় না। এদিক-ওদিক করে ‘লভ জিহাদ’ কেস যদি বলেন, সে সব তো আছেই। তবে অর্থনৈতিক অবস্থা খারাপ বলে মেয়েদের বিয়ে দিয়ে দেন অনেকে। সেই বিষয়ে আমাদের আরও সচেতনতামূলক প্রচার করতে হবে।”
বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেও আর্থিক সহায়তার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্নাতক স্তরের ছাত্রীদের মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে।উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ‘বাল বিবাহ মুক্ত ভারত’ কর্মসূচির অধীনে বিশেষ সচেতনতা অভিযান চলছে। ২৭ নভেম্বর এই কর্মসূচির অংশ হিসেবে স্কুলগুলিতেও প্রচার চালানো হবে। রাজ্য সরকারের লক্ষ্য, প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়িয়ে এই প্রথা বন্ধ করা।












