কলকাতা-শিলিগুড়ি যাতায়াত এবার আরও সহজ! তৈরি হচ্ছে ৩টি উড়ালপুল, কোথায় কোথায় জানুন

Published on:

Published on:

NHAI building three new flyovers in Kolkata-Siliguri route to reduce travel time
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা থেকে শিলিগুড়ি (Kolkata-Siliguri Route) যাতায়াতের সময় ট্রাফিক জ্যাম অতীত। এবার আরও দ্রুত হবে সফর। কারণ জাতীয় সড়কের উপর তৈরি হতে চলেছে তিনটি উড়ালপুল। নিউ ফারাক্কা ব্রিজের পর আবারও বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এতে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

আরও দ্রুত কলকাতা-শিলিগুড়ি সফর | (Kolkata-Siliguri Route)

ফারাক্কা-রায়গঞ্জ ১২ নম্বর জাতীয় সড়কে তিনটি উড়ালপুল তৈরি করা হবে। মালদহের সুজাপুর, কালিয়াচক ও উত্তর দিনাজপুরের ইটাহারে জাতীয় সড়কের উপর এই উড়ালপুলগুলি নির্মিত হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, জনবহুল এই তিন এলাকায় যান চলাচল যাতে আরও দ্রুত ও সহজ হয় সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাড়িতে একটিমাত্র ফোন নম্বর থাকলে সমস্যা? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের জরুরি আপডেট

ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সুজাপুরে হাতিমারি মাঠ সংলগ্ন অঞ্চলে উড়ালপুল তৈরির প্রস্তাবিত এলাকায় মাটি পরীক্ষা ও জরিপ করা হয়েছে। এই কাজ সম্পন্ন হওয়ার পর দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে। সেই অনুসারে নির্দেশ ও টেন্ডার এলে কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যে কাজ চালু হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের সার্ভে কনসালট্যান্ট বিকাশ কুলি বিশ্বাস।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার আবার জানান, যানজট ও দুর্ঘটনা ঠেকানোর জন্য তিনটি উড়ালপুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই উড়ালপুলগুলি তৈরি হলে জ্যামের সমস্যা অনেকটা কমবে। প্রায় অর্ধেক সময়ে গন্তব্য পৌঁছনো যাবে।

Kolkata-Siliguri route

এই তিনটি উড়ালপুল তৈরি হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, “রোজ কলকাতা-শিলিগুড়ি রুটের হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কালিয়াচকে উড়ালপুল নির্মাণ করা হলে হাজার হাজার মানুষের উপকার হবে। যে কোনও কাজে দ্রুত মালদহ শহর থেকে ফারাক্কা যাওয়া যাবে”।

কলকাতা-শিলিগুড়ি যাতায়াতের সময় অনেক ক্ষেত্রে যানজটে আটকে যান যাত্রীরা। এবার সেই সমস্যা দূর করতে তিনটি উড়ালপুল তৈরির উদ্যোগ নেওয়া হল। আপাতত কাজ শুরুর অপেক্ষায় রয়েছেন সকলে।