বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা। বিগত কয়েক বছরে এই ছবিই দেখেছে রাজ্যবাসী। তবে এবার পরিস্থিতি আলাদা। দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ইতিমধ্যেই গান্ধীমূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নতুন তৃণমূল। এই আবহে প্রকাশ্যে এল কালীঘাট তৃণমূলের ‘কলকাতা চলো’ (Kolkata Cholo) পোস্টার!
২১ জুলাই ‘শহিদ স্মরণ’ সভা করে তৃণমূল | (Trinamool Congress)
গত বছর অবধি ২১ জুলাইয়ের আগে তৃণমূলের ‘ধর্মতলা চলো’ পোস্টারে ছেয়ে যেত রাজ্য। সভার দিন কলকাতার নানা প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধর্মতলায় ছুটে আসতেন দলীয় কর্মী-সমর্থকরা। এই বছর তৃণমূলের কোনও শিবিরকেই ধর্মতলায় সভা করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।
আরও পড়ুনঃ কলকাতা-শিলিগুড়ি যাতায়াত এবার আরও সহজ! তৈরি হচ্ছে ৩টি উড়ালপুল, কোথায় কোথায় জানুন
‘শহিদ স্মরণ’ সমাবেশের জটিলতা কাটাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। এদিকে ২১ জুলাইয়ের আগে আর সপ্তাহ দেড়েক বাকি। এই আবহে প্রকাশ্যে এল মমতাপন্থীদের পোস্টার!
সেই পোস্টারে জ্বলজ্বল করছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ। প্রধান বক্তা হিসেবে রয়েছে মমতার নাম। সেই সঙ্গেই লেখা, ‘শহিদ স্মরণে কলকাতা চলো’। যদিও কলকাতার কোথায় তা পোস্টারে লেখা নেই। ফলে সভার স্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে সূত্রের খবর, কলকাতা পুলিশ যদি ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি না দেয়, তাহলে শহরের বেশ কিছু জায়গায় ছোট ছোট জনসভা আয়োজনের পরিকল্পনা করছে কালীঘাট তৃণমূল। প্রত্যেকটি সভায় যেতে পারেন মমতা নিজে। যদিও এর জন্যেও পুলিশের অনুমতি লাগবে।
প্রত্যেক বছরের মতো এবারও ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল কালীঘাট তৃণমূল। একই আবেদন জানায় নতুন তৃণমূলও। তবে কোনও শিবিরকেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর বিকল্প হিসেবে গান্ধীমূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান ঋতব্রতপন্থীরা। তাঁদের সেই অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে মমতাপন্থীদের সভার স্থান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।













