বাংলা হান্ট ডেস্কঃ রাত হয়ে গেলে শহর কলকাতায় বাস পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। রাত ১০টার পর থেকেই একটু একটু করে বাসের সংখ্যা কমতে থাকে। এই পরিস্থিতিতে শহরে সারারাত বাস (Night Bus Service) চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। এমনটাই ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
কলকাতায় নাইট বাস সার্ভিস চালুর পরিকল্পনা রাজ্যের | (Government of West Bengal)
শহর কলকাতার রাতের জীবনযাত্রা সচল রাখতে রাতভর সরকারি বাস চালানোর পরিকল্পনা করেছে সরকার। অর্জুন জানান, রাতের বাস পরিষেবা তথা নাইট বাস সার্ভিস ফিরিয়ে আনতে বিনিয়োগ কমিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেই কমিটি কাজ শুরু করে দিয়েছে।
আরও পড়ুনঃ ববি-কেষ্টদের পর মমতাকে ছাড়লেন মদন! ঋতব্রত শিবিরে যোগদান কামারহাটির বিধায়কের
নিত্যযাত্রীদের মুখে প্রায়ই অভিযোগ শোনা যায়, রাত ১০টার পর থেকে কলকাতার রাস্তায় বাসের সংখ্যা কমতে থাকে। সাড়ে ১১টার পর বাসের দেখা আর পাওয়াই যায় না। ফলে মহা মুশকিলে পড়েন বহু মানুষ। বিশেষত নাইট শিফটে যারা কাজ করেন, তাঁদের ভীষণ সমস্যা হয়। তিনগুণ-চারগুণ বেশি ভাড়া দিয়ে বাইক কিংবা ক্যাবে করে বাড়ি ফিরতে হয় তাঁদের।
এই পরিস্থিতিতে এবার নাইট বাস সার্ভিস নিয়ে বড় পরিকল্পনা করছে সরকার। যদিও আগের সরকারের আমলেও সাধারণ মানুষের সুবিধার্থে রাতের বাসের পরিষেবা চালু করা হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হয়। তবে করোনার সময় তা বন্ধ হয়ে গেলে আর চালু করা হয়নি।

এরপর গত বছর কলকাতার গুরুত্বপূর্ণ ২০টি রুটে নাইট বাস সার্ভিস ফের চালু করেছিল তৎকালীন রাজ্য সরকার। ডানলপ, উল্টোডাঙা, শ্যামবাজার, গিরিশ পার্ক, এক্সাইড, ধর্মতলা, বেলেঘাটা বিল্ডিং মোড়, রুবি, হাওড়া স্টেশন, গড়িয়া, যাদবপুর ৮বি সহ ২০টি গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে বাসগুলি চলত। তবে রাত ১২টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যেত।
তবে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এবার আর শুধু রাত ১২টা অবধি নয়, সারারাত কলকাতায় বাস চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।













