সেমিফাইনালেও মেসি ম্যাজিক, পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সেই একই পরিচিত ছবি। ম্যাচের একটা নির্দিষ্ট সময় অবধি প্রতিপক্ষের দাপট, তারপর ম্যাজিক এবং স্বপ্নের প্রত্যাবর্তন আর্জেন্টিনার (Argentina)। চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2026) নক-আউট পর্বে এই একই দৃশ্য দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন ফুটবলপ্রেমীরা। অ্যান্টনী গর্ডনের (Antony Gordon) গোলে পিছিয়ে গিয়েও এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) ও লাউতারো মার্টিনেজের (Lautaro Martinez) গোলে ভর করে ইংল্যান্ডকে (England) হারিয়ে বিশ্বকাপ ফাইনালে লিও মেসির (Lionel Messi) আর্জেন্টিনা।

সেমিফাইনালের শুরুটা এদিন হয় অত্যন্ত আগ্রাসীভাবে। ম্যাচের প্রথমার্ধে জয়ের জন্য মরিয়া দুই দলের ফুটবলাররা একাধিক ফাউল করতে থাকেন। ফলে গোলের সুযোগও খুব বেশি তৈরি হয়নি। দুই দলের ফুটবলাররাই আগ্রাসন দেখানোর চেষ্টা করেন এবং গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মরগ্যান রজার্সের ক্রস থেকে নিখুঁত ফিনিশে ইংল্যান্ডকে লিড এনে দেন অ্যান্টনী গর্ডন। কিন্তু এরপরেই আমূল বদলে যায় ম্যাচের পরিস্থিতি। গোল পেতেই রক্ষণের খোলসে ঢুকে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে ইংল্যান্ড।

আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

মুহুর্মুহু আক্রমণে কেঁপে ওঠে ইংল্যান্ডের রক্ষণ। কোনোক্রমে পরিস্থিতি সামাল দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। বেশ কিছু সেভ করতে হয় তাকে। ম্যাক অ্যালেস্টারের হেড পোস্টে লেগে ফেরে। পরিবর্ত হিসেবে নামা নিকো গঞ্জালেজের হেড অল্পের জন্য বাইরে যায়। কিন্তু শেষপর্যন্ত শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: সবুজ-মেরুণ জার্সিতে প্রাক্তন লাল-হলুদ তারকার দুরন্ত খেলা! জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের

ম্যাচের ৮৫ মিনিটে মেসির কাছ থেকে বল ধরে দূরপাল্লার শটে পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। এরপর চাপ আরও বাড়ায় আর্জেন্টিনা। শেষপর্যন্ত সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ডান পায়ের ক্রস থেকে বিনা বাঁধায় হেড করে আর্জেন্টিনাকে জয় উপহার দিয়ে যান পরিবর্ত হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার সামনে এখন কেবল স্পেন।