বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে অসাধারণ ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ড সফরে অভিষেক ঘটলেও তিনটি ম্যাচে মাঠে নেমে বিশেষ সাফল্য পাননি। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা গেছে চিরপরিচিত ছন্দে। দুর্দান্ত ব্যাটিং করে তিনি ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকাকে পেছনে ফেলে জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
কেরিয়ারের দ্বিতীয় সিরিজেই জাত চিনিয়েছেন বৈভব:
এই ফরম্যাটে কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে ম্যাচের সেরার পুরস্কার এবং সর্বকালের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিরিজের সেরা হওয়ার খেতাবও জিতেছেন তিনি। তবে বৈভবের সামনে এখনও পড়ে রয়েছে দীর্ঘ রাস্তা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ তার কাছে পথ চলা শুরুর এক ছোট্ট সোপান মাত্র। এখনও তাকে অন্য জগৎ থেকে সচেতন ভাবে দূরে থেকে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। আর এই কাজে তাকে সাহায্য করছেন ঈশান কিষাণ।

ভারতীয় দলে ঈশান কিষাণ এখন হয়ে উঠেছেন বৈভবের বড় দাদা। জিম্বাবোয়ে সফরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বৈভব। ১৫১ রান করে সকলকে পেছনে ফেলেছিলেন তিনি। সিরিজে ১৪৫ রান করে তার ঠিক পেছনেই ছিলেন ঈশান। অভিষেক শর্মা তিনটি ম্যাচেই ব্যর্থ হওয়ায় প্রতি ম্যাচে বৈভব ও ঈশানের জুটিই ভারতকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিতে প্রাথমিকভাবে সাহায্য করেছে। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও এবার বৈভবকে সাহায্য করছেন ঈশান।
আরও পড়ুন: বুমরার পরিবর্ত পেয়ে গেলো BCCI! গতিতেই প্রতিপক্ষকে নাজেহাল করছেন ভারতীয় দলের এই নতুন তারকা
এই বিষয়ে কথা বলতে গিয়ে ঈশান বলেছেন, “আমি বৈভবকে সুযোগ পেলেই বলি কেরিয়ারের এই পর্যায়ে শুধুমাত্র ক্রিকেটের কথা ভাবতে। সোশ্যাল মিডিয়া বা বাইরের কোনও কোলাহলের বিষয়ে ওকে মনোযোগ দিতে না করি। ভারতের প্রতিনিধিত্ব করার সময় ওর মতো একজন তরুণকে বুঝতে হবে ঠিক কোন বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত। তাহলেই সাফল্য পেতে অসুবিধা হবে না।”
জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজ জেতার পর আসন্ন সেপ্টেম্বরে বৈভব প্রথম দেশের জার্সি গায়ে দেশের মাটিতে ভারতীয় সিনিয়র দলের হয়ে মাঠে নামবেন আফগানিস্থানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। দেশের মাটিতেও নিজের অভিষেক স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। তারপর রয়েছে জাপানের মাটিতে আয়োজিত হতে চলা এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতাতেও ভারতকে স্বর্ণপদক জেতাতে চাইবেন ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক।













