চোট পেয়ে দলের বাইরে, এবার গম্ভীরের বদলে কোচিং করাতে শুরু করলেন শুভমান গিল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১৫ই আগস্ট থেকে টেস্ট সিরিজে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হবেন শুভমান গিলরা (Shubman Gill)। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মাঠে নামার আগে এইমুহূর্তে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে দলটি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিন্তা বাড়িয়ে ডান হাতে চোট পেয়ে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি ভারতীয় অধিনায়ক শুভমান গিল। দলের অনুশীলনের সময় চোট পেয়েছেন ফর্মে থাকা এই তারকা ব্যাটার।

প্রস্তুতি ম্যাচ শুরুর আগের দিন নেটে ব্যাটিং করার সময় দুইবার ডান হাতে চোট পান শুভমান। প্রথমে ব্যাটিং করার সময় এক নেট বোলারের ডেলিভারি তার ডান হাতের বুড়ো আঙুলে আঘাত করে। আঘাত এতটাই গুরুতর ছিল যে এরপর কিছুক্ষণ ব্যাটিং বন্ধ রাখেন ভারতীয় অধিনায়ক। তারপরে ফিল্ডিং অনুশীলনের সময়ও তিনি সেই একই হাতে আঘাত পান। তাকে ছাড়াই এই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল।

এই জোড়া আঘাতের পর আর তাকে অনুশীলন ম্যাচে নামানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। জানা গিয়েছে যে শুভমান গিলের চোট খুব একটা গুরুতর নয়। বিসিসিআই তার চোটের দিকে নজর রেখেছে। মূলত আসল সিরিজ আরম্ভের আগে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয় বলেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

তবে চোট পেয়ে মাঠে নামতে না পারলেও শনিবার দলের সাহায্যে কোচের ভূমিকা নিতে দেখা গেল শুভমান গিলকে। সিরাজ, সুথার, গুরনুর ব্রারদের ব্যাটিং অনুশীলনের সময় তাকে একাগ্র চিত্তে তাদের পরামর্শ দিতে দেখা গিয়েছে। তার পরামর্শ কাজে লাগিয়ে ম্যাচের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ যোগদানও দিয়েছেন তারা।

আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

তবে মূল সিরিজ শুরুর আগে কোচ নয় ব্যাটার হিসেবে শুভমানকে দলে ফেরত চাইবে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। চোটের কারণে অভিজ্ঞ যশপ্রীত বুমরা, নবাগত তরুণ সাই সুদর্শনরা আগেই ছিটকে গেছেন। শুভমান গিল না থাকলে চাপ আরো বাড়বে ভারতীয় দলের ওপর। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যাবতীয় আশা শেষ হয়ে যাবে ভারতের।