বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পর প্রত্যেক জায়গাকে সাজিয়ে তুলছে নতুন সরকার। এবার রাজ্যের শহর থেকে জেলা—বাসস্ট্যান্ডগুলির (Bus Stand) চেহারা বদলাতে এবার বড়সড় পরিকল্পনা নিয়েছে সরকার। যাত্রী পরিষেবাকে আরও আধুনিক ও স্বচ্ছন্দ করতে একাধিক নতুন ব্যবস্থা চালুর কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিশেষ করে মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বাসস্টপগুলিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বাস স্ট্যান্ডগুলিকে (Bus Stand) নবীনায়নের ঘোষণা অগ্নিমিত্রার
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বাসস্টপে মহিলাদের জন্য আলাদা ফিডিং জোন রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে মায়েরা তাঁদের সন্তানকে খাওয়াতে পারবেন। পাশাপাশি যাত্রীদের জন্য পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস এবং হালকা খাবারের ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও জানা যাচ্ছে। নিরাপত্তার জন্য প্রতিটি বাসস্টপে থাকবে সিসিটিভি নজরদারিও।
শুধু বাসস্টপ নয়, রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিকেও নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। কোচবিহার ও মায়াপুরের মতো জায়গার জন্য স্থানীয় প্রয়োজন ও পর্যটনের কথা মাথায় রেখে পৃথক পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী । বাস স্ট্যান্ডগুলিতেও আসতে চলেছে আধুনিক পরিষেবা।
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ডিজিটাল ডিসপ্লে, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা-সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হবে।ফলে বাসের সময়সূচি জানা থেকে শুরু করে অপেক্ষার সময় যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা বাড়বে। শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। অপরিকল্পিত হোর্ডিং সরিয়ে সেগুলিকে আরও নান্দনিকভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে।এদিকে বেআইনি পার্কিং এবং রাস্তায় থুতু ফেলার বিরুদ্ধেও কড়া সরকার।

আরও পড়ুন :আর জি কর কান্ডের রহস্যভেদে নতুন পদক্ষেপ, বড় বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ধরনের ঘটনায় জরিমানা চালুর কথা রয়েছে। পাশাপাশি যানজট ও পার্কিং সমস্যা কমাতে অ্যাপ-নির্ভর পার্কিং পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। ট্যাংরার চায়না টাউনকেও নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু বাসস্ট্যান্ডের আধুনিকীকরণ নয়, যাত্রী পরিষেবা, নিরাপত্তা, পার্কিং নিয়ন্ত্রণ এবং শহরের সৌন্দর্যায়ন—একাধিক দিক একসঙ্গে বদলানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থার পাশাপাশি শহুরে পরিকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে।













