বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় খবর সামনে এসেছে। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে কর্মচারী ও পেনশনভোগীদের সংগঠনগুলি বেতন বৃদ্ধি এবং ডিএ নিয়ে বেশ কিছু নতুন প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব মানা হলে আগামী দিনে মাত্র সাত বছরের মধ্যেই বেতন দ্বিগুণ হতে পারে। যদিও এ নিয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
8th Pay Commission : ৭ বছরে বেতন দ্বিগুণ করার প্রস্তাব
এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বেতন ১৮ হাজার টাকা। নিয়ম অনুযায়ী, প্রতি বছর বেসিক বেতনে ৩ শতাংশ করে বৃদ্ধি হয়। ফলে ১৮ হাজার টাকা থেকে বেসিক ২৩,৪৮৬ টাকা হতে প্রায় ১০ বছর সময় লাগে। অর্থাৎ বর্তমান নিয়মে সাত বছরে বেতন দ্বিগুণ হয় না।
এই নিয়ম বদলের দাবি উঠেছে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে। কর্মচারী সংগঠনগুলির একাংশ চাইছে, প্রতি বছর বেতন বৃদ্ধির হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হোক। একই সঙ্গে ডিএ ২৫ শতাংশে পৌঁছলেই সেটি মূল বেতনের সঙ্গে যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ম চালু হলে সাত বছরের মধ্যেই বেতন দ্বিগুণ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
বর্তমানে কর্মীরা বেসিক বেতনের পাশাপাশি ডিএ, বাড়িভাড়া ভাতা বা এইচআরএ এবং যাতায়াত ভাতা বা টিটিপিএ পান। ডিএ ও এইচআরএ-র সঙ্গে বেসিক বেতন যোগ হওয়ার নিয়ম রয়েছে। তবে ডিএ ৫০ শতাংশে পৌঁছনোর পর সেই সুবিধা পাওয়া যায়। টিটিপিএ-র ক্ষেত্রে এমন নিয়ম নেই। এই ভাতার অঙ্ক কেন্দ্রই নির্দিষ্ট করে দেয়।
এনসি-জেসিএম নামে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি বড় সংগঠনও কমিশনের কাছে নিজেদের দাবি জানিয়েছে। তাদের দাবি, প্রতি বছর বেতন অন্তত ৬ শতাংশ বাড়ানো হোক। পাশাপাশি একটি অর্থবর্ষে তিন বার সব ধরনের ভাতা বাড়ানোর কথাও বলা হয়েছে। পরে সেই বর্ধিত ভাতার সঙ্গে ডিএ যোগ করার প্রস্তাব দিয়েছে তারা।
চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহেই কর্মচারী এবং পেনশনভোগীদের বিভিন্ন সংগঠন অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। সংগঠনগুলির দাবি, এই পরিবর্তন হলে বিশেষ করে নিচুতলার কর্মীরা বেশি সুবিধা পাবেন। পেনশনভোগীরাও এর ফলে আর্থিক ভাবে লাভবান হতে পারেন।

আরও পড়ুনঃ মুছে ফেলার ২৪ ঘণ্টার মধ্যেই যাদবপুরে ফের দেওয়াল লিখন! কারা লিখল?
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এখন এই প্রস্তাবগুলি খতিয়ে দেখছে। আর্থিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এনসি-জেসিএমের ৬ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব কমিশন বিবেচনা করতে পারে। তবে শেষ সিদ্ধান্ত এখনও হয়নি। ২০২৭ সালের মে-জুন নাগাদ অর্থ মন্ত্রকের কাছে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে পারে। তখনই জানা যাবে, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির নিয়মে শেষ পর্যন্ত কী বদল আসে।













