বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে বদ্ধপরিকর বিজেপি সরকার। সেই লক্ষ্য সামনে রেখে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট তৈরির পাশাপাশি শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে বড় ঘোষণা করেন তিনি।
শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
এদিন শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে বড় আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রশ্ন করেন, তৃণমূল জমানায় এসএসসিতে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর রাখা হয়েছিল। কেন বেশি নম্বর রাখা হয়েছিল? কারচুপির জন্য? একইসঙ্গে জানান, এসএসসিকে বলেছেন মৌখিক পরীক্ষায় ৫ নম্বরের বেশি আর নয়।
আরও পড়ুনঃ মিড ডে মিলে ভাত-তরকারির সঙ্গে পায়েস-মিষ্টি! জন্মাষ্টমীর মিষ্টি আয়োজনে দিলখুশ পড়ুয়াদের
এদিন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “নিশ্চিন্তে থাকুন, আমরা শিক্ষক নিয়োগ করে দেব। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখেই শিক্ষক নিয়োগ করা হবে। কোনও অন্যায় হবে না।“
এদিনের অনুষ্ঠানে তৃণমূল আমলে শিক্ষাব্যবস্থার অবস্থা নিয়ে বেশ কিছু অভিযোগও করেন শুভেন্দু। তিনি বলেন, তৃণমূল জমানায় রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করা হয়নি। খেলা-মেলা, ইমাম-মোয়াজ্জেম ভাতা দিয়েছে আগের সরকার। কিন্তু শিক্ষাক্ষেত্রে তিন বছর ধরে কম্পোজিট গ্রান্ট আটকে রাখা হয়েছিল।
শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের সিলেবাসে বড়সড় বদল আনার ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হয়েছে সেটা পরবর্তী প্রজন্মকে জানাবেন না?… টাটাকে তাড়ানো নিয়ে এক পাতা লেখা আছে। তবে স্বামী প্রণবানন্দকে নিয়ে একটা লাইনও নেই।“ শিশুমনে বিভাজনের বীজ পোঁতা যাবে না সেটা স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের শিক্ষার বিকাশে জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি করার কথা এদিন ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, সেন্ট্রাল স্কুলের মতো রাজ্যের জেলাগুলিতে আপাতত দু’টি করে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে। সেখানে সেরা মানের শিক্ষক, স্মার্ট বোর্ড থেকে শুরু করে আধুনিক ডিজিটাল ল্যাবের সুযোগ-সুবিধা থাকবে বলে জানান তিনি।













