বাংলা হান্ট ডেস্ক : পুরভোটের আগে বঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদলের বার্তা। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল দলের পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি (BJP State Committee)। ২৭০ জনের এই তালিকায় দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি জায়গা করে নিয়েছেন বহু পুরনো এবং অভিজ্ঞ নেতা-কর্মীর। ফলে আসন্ন পুরনির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকেই যে রাজ্য নেতৃত্ব বিশেষ নজর দিয়েছে, তা স্পষ্ট।
কারা রয়েছেন বিজেপির রাজ্য কার্যকরী কমিটিতে (BJP State Committee)?
নতুন কমিটিতে রয়েছে অধিকারী পরিবারের দুই গুরুত্বপূর্ণ নাম। শুভেন্দু অধিকারীর পাশাপাশি তালিকায় রাখা হয়েছে তাঁর বাবা শিশির অধিকারীকেও। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দুকে। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বে থাকছেন শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবারের দীর্ঘদিনের প্রভাবের কথা মাথায় রেখেই এই দায়িত্ব বণ্টন বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্য কমিটির তালিকায় ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। রয়েছেন সাংসদ রাহুল সিনহা, মন্ত্রী দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়-সহ বিজেপির একাধিক পরিচিত মুখ। রাজ্যের মন্ত্রীদেরও কমিটির বাইরে রাখা হয়নি। অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, দীপক বর্মন-সহ মন্ত্রিসভার সদস্যরা নতুন সাংগঠনিক কাঠামোয় জায়গা পেয়েছেন।
শুধু বর্তমান নেতৃত্ব নয়, দলের পুরনো দিনের একাধিক নেতাকেও ফের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিসরে নিয়ে এসেছেন শমীক ভট্টাচার্য। প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজকমল পাঠক, অভিজিৎ দাস (ববি), কল্যাণ চৌবে, উমাশঙ্কর ঘোষ দস্তিদার, দীনেশ পাণ্ডে, কমল বেরিওয়াল, হরেকৃষ্ণ দত্ত, অম্বুজ শর্মা, কালোসোনা মণ্ডল, দেবাঞ্জল চট্টোপাধ্যায় এবং বিথিকা মণ্ডলের মতো অভিজ্ঞ নেতাদের নাম রয়েছে তালিকায়। রয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডা. রথীন চক্রবর্তীও।
বিধায়ক ও সাংসদদের ক্ষেত্রেও করা হয়েছে নির্দিষ্ট হিসাব। বাংলা থেকে নির্বাচিত সমস্ত লোকসভা ও রাজ্যসভার সাংসদকেই কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে। তবে বিধায়কদের ক্ষেত্রে সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়নি। মন্ত্রীদের বাইরে মোট ৪১ জন বিধায়ক এই কমিটিতে জায়গা পেয়েছেন। অর্থাৎ দলের সব বিধায়ককে রাজ্য কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় ১৪ মাস পর বুধবার শমীকের স্বাক্ষর করা তালিকা প্রকাশ করা হল। নতুন কমিটি প্রকাশের পরই এবার সংগঠনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর। আগামী ১৫ সেপ্টেম্বর দুদিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতিন নবীন।

আরও পড়ুন : জোড়াফুল তুমি কার, ঋতব্রত না মমতার? এবার একদিনে দুই শিবিরকে তলব করল কমিশন
রাজ্যে এসে নবগঠিত রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নীতিনের। ফলে সাংগঠনিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কারণ, পুজোর পরেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় নির্বাচন হওয়ার কথা। সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। তার মধ্যেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করে ভোটের আগে সংগঠনকে আরও সক্রিয় করে তোলার লক্ষ্যেই এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব।













