সেপ্টেম্বরেই মিলবে পুজোর বোনাস! ঘোষণা মন্ত্রী অর্জুনের, কারা পাবেন জানুন

Published on:

Published on:

Arjun Singh announced jute mill workers to get Durga Puja bonus in September
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাসে দুর্গাপুজো। তবে এখন থেকেই রাজ্য জুড়ে উৎসবের আমেজ অনুভূত হচ্ছে। এই আবহে পুজোর বোনাস (Puja Bonus) নিয়ে বড় ঘোষণা করলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। সেপ্টেম্বর মাসের মধ্যে সব জুটমিলের শ্রমিকদের পুজোর বোনাস দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পুজোর বোনাস নিয়ে বিরাট ঘোষণা শ্রমমন্ত্রীর | (Arjun Singh)

বুধবার শ্রম দফতরে রাজ্যের জুট শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন অর্জুন। চলতি মাসের মধ্যে জুটমিলের শ্রমিকদের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়নগুলিকে তাঁর আশ্বাস, পুজোর পর নতুন চুক্তি ও মজুরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আরও পড়ুনঃ ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর? অষ্টম পে কমিশনের সুবিধা মিলবে? বড় আপডেট জানুন

সব ট্রেড ইউনিয়নের কাছে রাজ্যের শ্রমমন্ত্রীর আবেদন, মিলগুলি সচল রাখতে তাঁরা যেন সহযোগিতা করেন। নতুন চুক্তি, শ্রমিকদের বোনাস থেকে শুরু করে অন্যান্য নানা দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি নিয়ে পুজোর পর বিস্তারিত আলোচনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এরপর গতকাল নিজের বাড়িতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাংবাদিক বৈঠক থেকেও বড় মন্তব্য করেন অর্জুন। উন্নয়নের ক্ষেত্রে বাংলাকে গুজরাটের আদলে গড়ে তোলার ডাক দেন তিনি। তাঁর কথায়, “বাংলার মানুষই চায় বাংলা গুজরাট হোক।“

গুজরাটের উন্নয়নের উদাহরণ দিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী বলেন, একসময় বৃষ্টি ও চাষাবাদের সমস্যায় জর্জরিত ছিল এই রাজ্য। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। গুজরাট এখন শিল্প ও বিনিয়োগের অন্যতম ঠিকানা। কোনও ভালো জিনিস অনুসরণ করা যাবে না? প্রশ্ন করেন তিনি।

Arjun Singh

রাজ্যে শিল্প আনার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের বাইরে যাওয়া আটকানো ও মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কথাও বলেন অর্জুন। তাঁর দাবি, এই বদলের জন্য ভয়মুক্ত পরিবেশ দরকার। এই বিষয়ে বাম ও তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, ওই সময় রাজ্যের শিল্প, সংস্কৃতি ও শিক্ষার প্রভূত ক্ষতিসাধন হয়েছে।

রাজ্যে পালাবদলের পর শ্রমমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। এরপর থেকে শ্রমিকদের কল্যাণে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন তিনি। গতকাল পুজোর বোনাস, মজুরি, নতুন চুক্তি সহ একাধিক ঘোষণা করেছেন। এগুলিও তাঁর সেই উদ্যোগেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।