PF Advance-এর নিয়ম বদল, চিকিৎসা-বিয়ে-পড়াশোনায় কত টাকা তুলতে পারবেন?

Published on:

Published on:

Know the rules regarding Provident fund withdrawal amounts
Follow

বাংলা হান্ট ডেস্ক : অবসর জীবনের আর্থিক নিরাপত্তার জন্য কর্মজীবনে PF-এ (Provident Fund) জমা হওয়া অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসে কর্মী ও নিয়োগকর্তার অবদানে তৈরি হয় এই সঞ্চয়, যা সময়ের সঙ্গে সুদে-আসলে মোটা অঙ্কে পরিণত হয়। কিন্তু জরুরি আর্থিক প্রয়োজন দেখা দিলে অবসর পর্যন্ত অপেক্ষা করতেই হবে, এমন নয়। নির্দিষ্ট কিছু কারণে PF-এর টাকা আগাম ব্যবহারের অনুমতি রয়েছে।

কী কী ক্ষেত্রে PF-এর (Provident Fund) টাকা তোলার অনুমতি রয়েছে ?

চিকিৎসা থেকে শিক্ষা, বিয়ের খরচ কিংবা বাড়ি সংক্রান্ত প্রয়োজন—বেশ কয়েকটি ক্ষেত্রে EPFO সদস্যরা এই সুবিধা নিতে পারেন। কোথায় বারবার অগ্রিম টাকা‌ নেওয়া যাবে, আবার কোন ক্ষেত্রে সীমা রয়েছে, তা নির্ধারণ করে দিয়েছে EPFO। সবচেয়ে বেশি সুবিধা রয়েছে চিকিৎসাজনিত প্রয়োজনে। সদস্য নিজে অথবা তাঁর পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যয় সামলাতে PF থেকে অগ্রিম অর্থ নেওয়া সম্ভব। এই কারণে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সীমা রাখা হয়নি। প্রয়োজন অনুযায়ী একাধিকবার এই সুবিধা নেওয়া যেতে পারে।

শিক্ষার ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট হিসাব রয়েছে। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি নিজের বা পরিবারের অন্য সদস্যের শিক্ষার জন্যও PF থেকে অগ্রিম নেওয়া যায়। তবে এই কারণে সর্বোচ্চ ১০ বার পর্যন্ত টাকা তোলার অনুমতি রয়েছে। বিয়ের খরচের ক্ষেত্রেও PF-এর সঞ্চয় ব্যবহার করা যায়। নিজের বিয়ে হোক কিংবা পরিবারের কোনও সদস্যের বিয়ে—দুই ক্ষেত্রেই অগ্রিম অর্থ নেওয়ার সুযোগ রয়েছে। তবে এই সুবিধা কর্মজীবনে সর্বাধিক পাঁচবার ব্যবহার করা যায়।

বাড়ি সংক্রান্ত কোনো কাজে প্রয়োজনেও PF কাজে লাগতে পারে। নতুন বাড়ি তৈরি করা, বাড়ি কেনা অথবা পুরনো বাড়ি সংস্কারের জন্য অগ্রিম অর্থ তোলার সুযোগ রয়েছে। তবে এখানেও সর্বোচ্চ পাঁচবারের সীমা প্রযোজ্য। অর্থ তোলার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। PF অ্যাকাউন্টে যত টাকা জমা থাকুক না কেন, প্রয়োজনের কথা বলে পুরো ব্যালান্স তুলে নেওয়া যায় না। নিয়ম অনুযায়ী মোট সঞ্চয়ের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অগ্রিম নেওয়া সম্ভব।

Know the rules regarding Provident fund withdrawal amounts

আরও পড়ুন : বাড়ি বদলালে LPG কানেকশন কীভাবে ট্রান্সফার করবেন? কী কী নথি লাগে, সহজ পদ্ধতি জানুন

একটি অর্থবর্ষে PF থেকে অগ্রিম অর্থ নেওয়ার সুযোগ সর্বাধিক দুবার। যোগ্য কারণ থাকলেও বছরে নির্ধারিত সীমার বেশি, বারবার টাকা তোলা যাবে না। তাই PF-কে শুধু অবসরের সঞ্চয় হিসেবে দেখলে চলবে না, প্রয়োজনের সময়ে এটি আর্থিক সহায়তার উৎসও হতে পারে।