প্রতারণা রুখতে বড় পদক্ষেপ TRAI-র! গ্রাহকদের জন্য চালু বিশেষ নম্বর, মিলবে কী সুবিধা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ফোনে অপরিচিত নম্বর দেখলেই এখন অনেকের মনে সন্দেহ তৈরি হয়। তাই এবার প্রতারণা রুখতে বড় পদক্ষেপ TRAI (Telecom Regulatory Authority of India)-এর বিশেষ করে ‘প্লাস’ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে ফোন এলে অনেকে তা ধরতেও চান না। কারণ এই ধরনের নম্বর ব্যবহার করে প্রতারণার ঘটনা গত কয়েক বছরে একাধিক বার সামনে এসেছে। কিন্তু সমস্যা হল, সব অপরিচিত বা বিশেষ সিরিজের নম্বরই যে প্রতারণার জন্য ব্যবহার হয়, তা নয়। বিদ্যুৎ বিল, গ্যাস পরিষেবা, জল সরবরাহ কিংবা কুরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাতেও সংস্থার তরফে ফোন আসতে পারে। ফলে আসল পরিষেবার ফোন আর প্রতারকের কলের মধ্যে পার্থক্য করা সাধারণ গ্রাহকের কাছে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সেই সমস্যার সমাধান এবং টেলিফোন-ভিত্তিক প্রতারণায় লাগাম টানতেই এবার নতুন উদ্যোগ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI।

প্রতারণা রুখতে বড় পদক্ষেপ TRAI (Telecom Regulatory Authority of India)-র!

TRAI (Telecom Regulatory Authority of India)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ, জল, গ্যাস, LPG, কুরিয়ার ও লজিস্টিক্স পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাগুলি গ্রাহকদের পরিষেবা ও লেনদেন সংক্রান্ত ফোন করার জন্য 1601 সিরিজের নম্বর ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় ফোন এলে নির্দিষ্ট নম্বর সিরিজ দেখে তা চেনার সুযোগ পাবেন গ্রাহকরা। এর আগে ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং বিমা-সহ বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে 1600 সিরিজের নম্বর ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল। এবার সেই ব্যবস্থার আওতা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে বাড়ানো হচ্ছে। TRAI জানিয়েছে, বিদ্যুৎ ও জল সরবরাহকারী সংস্থা থেকে শুরু করে গ্যাস সংস্থা, LPG ডিস্ট্রিবিউটর, কুরিয়ার, পার্সেল ডেলিভারি এবং লজিস্টিক্স সংস্থাগুলি প্রয়োজন অনুযায়ী এই সিরিজ ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন: পদ্মের পাপড়ির রঙেই লুকিয়ে বিশেষ তাৎপর্য! ব্রিকস সম্মেলনের প্রতীকে বড় বার্তা ভারতের

এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ অবশ্যই বাড়তে থাকা ফোন-ভিত্তিক প্রতারণা। সাধারণ মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারকেরা অনেক সময় নিজেদের ব্যাঙ্ককর্মী, বিদ্যুৎ দফতরের কর্মী, গ্যাস সংস্থার প্রতিনিধি বা অন্য কোনও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী বলে পরিচয় দেয়। এরপর বিল বকেয়া, KYC আপডেট, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা পার্সেল আটকে থাকার মতো নানা অজুহাত দেখিয়ে গ্রাহককে চাপের মধ্যে ফেলার চেষ্টা করা হয়। কখনও টাকা পাঠাতে বলা হয়, আবার কখনও OTP, ব্যাঙ্কের তথ্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। নির্দিষ্ট নম্বর সিরিজ চালু হলে অন্তত ফোনটির পরিচয় যাচাই করার ক্ষেত্রে গ্রাহকের হাতে একটি অতিরিক্ত নিরাপত্তার স্তর তৈরি হবে বলে মনে করছে TRAI।

তবে 1601 নম্বর দেখলেই যে চোখ বন্ধ করে সব তথ্য বিশ্বাস করতে হবে, এমন নয়। এই সিরিজ সরাসরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং অন্য কোনও সংস্থা যাতে এই নম্বর ব্যবহার করতে না পারে, তার জন্য বরাদ্দের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা হবে। TRAI-এর নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়ার জন্য সংস্থাগুলিকে ৯০ দিনের সময়সীমা দেওয়া হবে। অর্থাৎ ধাপে ধাপে যোগ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এই নম্বর সিরিজের আওতায় আসবে। এর ফলে গ্রাহকের কাছে কোনও নির্দিষ্ট পরিষেবা সংস্থার ফোন এলে নম্বরের ধরন দেখে সেটি সত্যিই পরিষেবা সংক্রান্ত কল কি না, তা বোঝার সুযোগ আরও বাড়বে।

Telecom Regulatory Authority of India took big step to stop fraudulent

আরও পড়ুন: লক্ষ্য সংগঠিত সমাজ! সুদূর ব্রিটেনে হিন্দু প্রতিনিধিদের ‘Immersive Dialogue’-এ উপস্থিত মোহন ভাগবত

একই সঙ্গে 1601 সিরিজ ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ম বেঁধে দিয়েছে TRAI। এই নম্বর শুধুমাত্র গ্রাহকের পরিষেবা বা লেনদেন সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগের জন্য ব্যবহার করা যাবে। কোনও সংস্থা এই সিরিজ ব্যবহার করে নিজেদের পণ্য বা পরিষেবার প্রচার, বিজ্ঞাপন কিংবা অন্য কোনও ধরনের ব্যবসায়িক প্রোমোশনাল কল করতে পারবে না। ফলে নতুন ব্যবস্থার লক্ষ্য শুধু একটি আলাদা নম্বর চালু করা নয়, বরং পরিষেবা সংস্থার জরুরি ফোন এবং প্রচারমূলক কলের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করা। বিশেষজ্ঞদের মতে, গ্রাহক সচেতনতার সঙ্গে এই ব্যবস্থা কার্যকর হলে ফোনের মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।