বাংলাহান্ট ডেস্ক : আরও সম্প্রসারিত হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নেটওয়ার্ক। শহর থেকে শহরতলিতে ছড়িয়ে পড়ছে মেট্রো লাইন। চালু হচ্ছে নতুন নতুন মেট্রো রুট। চলতি বছরের ডিসেম্বর মাসেই মেট্রো নিয়ে আসতে চলেছে আরও এক বড় সুখবর। ডিসেম্বরেই চালু হয়ে যেতে পারে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ মেট্রো।
এই রুটে সম্প্রসারিত হচ্ছে মেট্রো (Kolkata Metro)
মেট্রোর রুট সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় বাধা ছিল চিংড়িঘাটা অংশটি। গত আড়াই বছর ধরে কাজ আটকে ছিল এই অংশে। বিগত তৃণমূল সরকারের আমলে বারংবার আবেদন করেও কাজ এগোয়নি। রাজ্যে সরকার বদলের পর অনুমতি মেলে চিংড়িঘাটা অংশে কাজ এগোনোর।

দ্রুত এগোচ্ছে কাজ: গত ৯০ দিনে চিংড়িঘাটা সংযোগস্থলের উপর দিয়ে গার্ডার বসানোর কাজ প্রায় শেষ। এবার থার্ড লাইন বসানোর কাজ, সিগন্যালিং সিস্টেম সম্পূর্ণ করার কাজ। মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী নভেম্বর মাসের শেষ দিকে কমিশনার অফ রেলওয়ে সেফটি সম্পূর্ণ কাজ খতিয়ে দেখে ছাড়পত্র দিতে পারেন। তারপরেই চালু হতে পারে পরিষেবা।
আরও পড়ুন : গুজরাটের ইলিশই চেটেপুটে খাচ্ছে বাংলাদেশ, কত দাম চলছে ঢাকা-চাঁদপুরের বাজারে?
কবে চালু পরিষেবা: ইতিমধ্যে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের (Kolkata Metro) সঙ্গে বাকি অংশের সংযোগ তৈরি করা সম্পূর্ণ হয়েছে। বাকি অংশের লাইন বসানোর কাজও দ্রুতগতিতে চলছে। এছাড়া লোহার কাঠামো বসানো, ড্রিলিং, সিমেন্টের প্রলেপ দেওয়ার কাজও চলছে সমান তালে।
আরও পড়ুন : সেপ্টেম্বরে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, শীর্ষে মুর্শিদাবাদ, কলকাতায় কত?
বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চালু রয়েছে মেট্রো পরিষেবা। এবার বেলেঘাটা থেকে আইটি সেক্টর পর্যন্ত রুট সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর আটকে থাকা কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।













