বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবারও সহজ জয় পেলো ভারতীয় দল (Indian Cricket Team)। আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো ভারত। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিন্দুকদের যাবতীয় সমালোচনার জবাব দিয়ে জ্বলে উঠলেন ভারতের তারকা ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson)। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারতীয় ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) এক বিশেষ রেকর্ড।
প্রথম ম্যাচে মাত্র ১০ রানের ব্যক্তিগত স্কোরে তিনি ড্রেসিংরুমে ফিরেছিলেন। ব্যাটিং বান্ধব উইকেটে এরপর অভিষেক শর্মার তান্ডব ও ঈশান কিষাণের বুদ্ধিদীপ্ত ব্যাটিং সহজ জয় এনে দিয়েছিল ভারতকে। তারপরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এই কথা বলে যে বৈভব সূর্যবংশীর মতো তারকা বেঞ্চে বসে থাকবে আর অফফর্মে থাকা স্যামসন সুযোগ পেয়েই যাবেন, তা কি আদেও যুক্তিযুক্ত?

কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই বিশ্বকাপ নক-আউটের স্মৃতি ফেরালেন সঞ্জু। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচগুলিতে রীতিমতো ধ্বংসলীলা চালিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিলেন তিনি। এদিন আফগান বোলারদের বিরুদ্ধে সেই একইরকম তান্ডবলীলা চালিয়ে করলেন ঝকঝকে হাফসেঞ্চুরি।
আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে
এদিন যখন ২২ বলে ৫৭ রানের ইনিংস খেলে সঞ্জু ড্রেসিংরুমে ফিরছেন তখন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েই গেছে। ভারতীয় দল ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ ওভারেই তখন ৯৯ রানের দলগত স্কোরে পৌঁছে গেছে। কেরালার তারকা ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৪টি ছক্কা সহযোগে। প্রথম ১০ বলে মাত্র ৮ রান করার পরে পরের ১২ বলে ৪৯ রান করেন সঞ্জু। ১৫ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত।
আরও পড়ুন: বিরাট কোহলিকে ছুঁলেন স্মৃতি মান্ধানা! দ্বিতীয় ভারতীয় হিসেবে গড়লেন এক অনন্য রেকর্ড
সেইসঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মার একটি কীর্তি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার ২০০-এর বেশি স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি করা তারকাদের মধ্যে চতুর্থ স্থানে ছিলেন হিটম্যান। কিন্তু তার চেয়ে অনেক কম ম্যাচ খেলে একই সংখ্যক সময় এই কাজ করে দেখানোর কীর্তি গড়লেন সঞ্জু। আপাতত ভারতীয় দলে নিজের জায়গা তিনি সুরক্ষিত করে ফেললেন বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস।













