বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মী ও পেনশনভোগীদের চিকিৎসার ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার (West Bengal Government)। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)-এর আওতায় বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালে এবার আগের তুলনায় অনেক বেশি টাকার ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। এতদিন যেখানে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত এই সুবিধা মিলত, এবার তা বেড়ে হচ্ছে ৫ লক্ষ টাকা।
West Bengal Government : ১ অক্টোবর থেকে নতুন নিয়ম
বৃহস্পতিবার অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৬ বা তার পরে বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি হলে নতুন ৫ লক্ষ টাকার সীমা কার্যকর হবে।
সম্প্রতি WBHS-এর আওতায় বিভিন্ন চিকিৎসার অনুমোদিত খরচের হার সংশোধন করা হয়েছে। সেই পরিবর্তনের পরই ক্যাশলেস চিকিৎসার বর্তমান সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই সুবিধা পাবেন WBHS-এর আওতায় থাকা সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগী। তাঁদের যোগ্য নির্ভরশীল বা বেনিফিশিয়ারিরাও এই সুবিধার আওতায় থাকবেন। তবে স্বাস্থ্য প্রকল্পের অন্যান্য নিয়ম ও শর্তে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, একবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা দিবসে বড় বার্তা, বাংলায় ৫ লক্ষ মানুষকে নিয়ে কী বললেন শুভেন্দু?
নতুন সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে আগের নির্দেশিকা ও মেমোরান্ডামগুলিও সংশোধিত বলে ধরা হবে। ফলে ১ অক্টোবর থেকে WBHS-এর আওতায় বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সীমা ২ লক্ষ টাকা থেকে বেড়ে ৫ লক্ষ টাকা হচ্ছে (West Bengal Government)।













