বাংলা হান্ট ডেস্ক : কলকাতা ও শহরতলির বেসরকারি বাস পরিষেবায় (Bus service) এবার বদলের সম্ভাবনা। দীর্ঘদিন ধরে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে যে আলোচনা চলছিল, তাতে পরিবহণ দফতরের সাম্প্রতিক অবস্থান কিছুটা ইতিবাচক। তবে শুধু ভাড়া বাড়িয়ে দেওয়ার বদলে যাত্রীদের পরিষেবার মানও উন্নত করতে হবে—এই শর্তই বাসমালিকদের সামনে রাখা হয়েছে বলে খবর।
বেসরকারি বাসে কী পরিষেবা (Bus Service) পাওয়া যাবে?
পরিবহণ দফতরের সঙ্গে আলোচনায় বাসমালিক সংগঠনগুলির প্রতিনিধিরা জানিয়েছেন, ভাড়া সংশোধন করা হলে যাত্রী পরিষেবাতেও পরিবর্তন আনা হবে। যেসব শহর ও শহরতলির রুটে যাত্রীসংখ্যা বেশি, সেখানে বেসরকারি উদ্যোগে এসি বাস চালানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এখন ওই রুটগুলির কিছু অংশে সরকারি এসি বাস চললেও বেসরকারি বাসের ক্ষেত্রে সেই পরিষেবা সর্বত্র নেই। পরিষেবার মান বাড়ানোর পরিকল্পনায় প্রযুক্তির ব্যবহারেও জোর দেওয়া হচ্ছে। বাসে যাত্রীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই চালুর প্রস্তাব রয়েছে। নিরাপত্তার জন্য বসানো হতে পারে সিসিটিভি ক্যামেরা।
টিকিট কাটার ব্যবস্থাতেও আধুনিকীকরণের কথা বলা হয়েছে। প্রতিটি বাসে ডিজিটাল টিকিটিং মেশিন রাখার পাশাপাশি ইউপিআইয়ের মাধ্যমে ভাড়া মেটানোর সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাসগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও বাড়তি নজর দেওয়ার প্রতিশ্রুতি এসেছে মালিকদের তরফে। বাস সংগঠনের কর্তাদের বক্তব্য, ভাড়ার কাঠামো বদলালে নতুন করে রাস্তায় বাস নামানোর উৎসাহ তৈরি হবে। যে সমস্ত রুটে লোকসানের কারণে পরিষেবা কমেছে বা বন্ধ হয়েছে, সেখানেও ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
২০১৮ সালের পর থেকে বেসরকারি বাসের ভাড়া আর বাড়ানো হয়নি। এদিকে জ্বালানি, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য পরিচালন ব্যয় ক্রমশ বেড়েছে। খরচের সঙ্গে আয় সামঞ্জস্য না থাকায় বেশ কিছু রুটে বাস চালানো মালিকদের কাছে কঠিন হয়ে পড়েছে। কোথাও পরিষেবা বন্ধ হয়েছে, কোথাও আবার বাসের সংখ্যা কমেছে।
ভাড়ার বর্তমান কাঠামো নিয়েও রয়েছে বিস্তর ফারাক। সরকারি ভাবে বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে কলকাতার অধিকাংশ রুটে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা নেওয়া হয়। বাসমালিকদের একাংশ এবার সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা করার দাবি তুলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের যাতায়াতের খরচ এবং বাস চালানোর বাস্তব ব্যয়— বিবেচনা করেই নতুন ভাড়ার কাঠামো নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : যাত্রীদের সুবিধা আরও বাড়াল রেল, RailOne-এ টিকিট বুকিং নিয়ে এল বড় আপডেট
অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় কমিটির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “ভাড়া বাড়লে পরিষেবাও ভালো হবে। মালিকরদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। সকলেই ভাড়া বাড়লে উন্নত পরিষেবা দেওয়ার কথা বলেছেন।” ফলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু বাসভাড়া কতটা বাড়বে, তা নয়। নতুন ভাড়ার বিনিময়ে কতটা উন্নত পরিষেবা মিলবে, কোন কোন রুটে এসি বাস নামবে-সেদিকেই নজর থাকছে যাত্রীদের।













