বাংলা হান্ট ডেস্ক: আপনার পরিচয়পত্রে সিম কার্ড (SIM Cards) নেওয়া হয়েছে, অথচ সেটি ব্যবহার করছেন অন্য কেউ—বিষয়টি হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর জেরে বড় আইনি সমস্যায় পড়তে পারেন আপনি। এমনই সতর্কবার্তা দিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ বা DoT (Department of Telecommunications)। ২১ সেপ্টেম্বরের পরামর্শে জানানো হয়েছে, ভুয়ো তথ্য বা অন্যের পরিচয় ব্যবহার করে সিম নেওয়া, নিজের নামে ইস্যু হওয়া সিম অন্যকে ব্যবহার করতে দেওয়া, টেলিকমিউনিকেশন আইডেন্টিফায়ারে কারচুপি কিংবা IMEI নম্বর বদলের মতো ঘটনায় কড়া শাস্তি হতে পারে। Telecommunications Act, 2023-এর আওতায় এই ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
নিজের নামের সিম (SIM Cards) অন্যকে ব্যবহার করতে দিলেই হতে পারে জেল, জারি নির্দেশিকা:
DoT-এর এই সতর্কবার্তার পিছনে রয়েছে সাম্প্রতিক একটি সাইবার অপরাধের তদন্ত। ছত্তীসগঢ়ে এক সিম (SIM Cards) বিক্রয়কেন্দ্রের পয়েন্ট অফ সেল বা PoS এজেন্টের বিরুদ্ধে গ্রাহকদের অজান্তে তাঁদের পরিচয়পত্র ব্যবহার করে ২৫টি মোবাইল কানেকশন চালু করার অভিযোগ সামনে আসে। বিষয়টি ধরা পড়ার পর DoT এবং সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলি ওই এজেন্টকে ব্ল্যাকলিস্ট করে দেয়। অর্থাৎ ভবিষ্যতে তার মাধ্যমে নতুন মোবাইল কানেকশন ইস্যু করা যাবে না। পাশাপাশি ২৫টি নম্বরকে DoT-এর ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বা DIP-এর মাধ্যমে পরীক্ষা করা হয়। সন্দেহজনক নম্বরগুলিকে ফের যাচাই করা হয় এবং যাচাইয়ে ব্যর্থ কানেকশনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মানসিক নির্যাতনের অভিযোগে সাসপেন্ড অধ্যাপক! ছাত্রের মৃত্যুর বিবৃতি প্রসঙ্গে ক্ষমা চাইল IIT বোম্বে
এই ঘটনাই দেখিয়ে দিয়েছে, গ্রাহকের অজান্তেও তাঁর পরিচয় ব্যবহার করে মোবাইল নম্বর চালু হয়ে যেতে পারে। তাই নিজের নামে থাকা SIM অন্য কাউকে দেওয়া, বিক্রি বা হস্তান্তর করা থেকেও বিরত থাকতে বলেছে DoT। বিশেষ করে কোনও ব্যক্তি নিজের নামে SIM তুলে অন্যকে সেটি ব্যবহার করতে দিলে এবং পরে সেই নম্বর বেআইনি কাজে ব্যবহৃত হলে, মূল গ্রাহকের বিরুদ্ধেও আইনি দায় তৈরি হতে পারে। একইভাবে ‘SIM mule’ হিসেবে অর্থাৎ সাইবার প্রতারণা বা অন্য বেআইনি কাজের জন্য নিজের নামে নেওয়া নম্বর অন্যের হাতে তুলে দেওয়াও বিপজ্জনক। DoT জানিয়েছে, SIM সংক্রান্ত এই ধরনের অপব্যবহার রুখতে গ্রাহকের নিজের নামে ইস্যু হওয়া সংযোগগুলি নিয়মিত পরীক্ষা করা জরুরি।
শুধু SIM কার্ড নয়, মোবাইলের IMEI নম্বর নিয়েও সতর্ক করেছে কেন্দ্র। পরিবর্তন বা কারচুপি করা IMEI-সহ মডেম, মডিউল, সিম বক্স বা অন্য কোনও যন্ত্র ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও অ্যাপ, ওয়েবসাইট বা অন্য প্রযুক্তির সাহায্যে কলিং লাইন আইডেন্টিটি বা CLI-সহ টেলিকমিউনিকেশন আইডেন্টিফায়ার বদলানোর বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। ভুয়ো নথি, প্রতারণা বা পরিচয় জাল করে SIM সংগ্রহ করাও নিষিদ্ধ। DoT-এর বক্তব্য, টেলিকম পরিষেবার অপব্যবহার শুধু ব্যক্তিগত প্রতারণার ঝুঁকি বাড়ায় না, সাইবার অপরাধের তদন্তেও তা বড় সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন:চোখের পলকে লক্ষ্যবস্তুতে অব্যর্থ আঘাত! পোখরানে সফল পরীক্ষা ভারতের KAL লং-রেঞ্জ অ্যাটাক ড্রোনের
তাহলে নিজের নামে কতগুলি মোবাইল নম্বর রয়েছে, তা জানবেন কীভাবে? সরকারের সঞ্চার সাথী পোর্টাল ও অ্যাপের মাধ্যমে সহজেই নিজের নামে ইস্যু হওয়া মোবাইল কানেকশনগুলি যাচাই করা যায়। কোনও অচেনা বা অপ্রয়োজনীয় নম্বর চোখে পড়লে সেটি ব্লক বা সংযোগ বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া সম্ভব। একই প্ল্যাটফর্মে ‘Check Genuineness of Your Mobile Handset’ পরিষেবার সাহায্যে IMEI নম্বর যাচাই করে ফোনটির ব্র্যান্ড, মডেল ও প্রস্তুতকারকের তথ্যও দেখা যায়। তাই নিজের পরিচয়পত্রের সঙ্গে যুক্ত SIM (SIM Cards) এবং মোবাইল সংযোগগুলি নিয়মিত পরীক্ষা করাই নিরাপদ। অচেনা নম্বর ধরা পড়লে দেরি না করে ব্যবস্থা নেওয়ার পরামর্শই দিয়েছে DoT।














