বাংলাহান্ট ডেস্ক: সেপ্টেম্বর মাসেও একই চিত্র। রাজ্যের প্রায় এক কোটি ৬০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেলেও এখনও অনেকেই বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে বিক্ষোভ চলছে জেলায় জেলায়। অভিযোগ, সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা মেলেনি। অনেকে এমনও আছেন যাঁরা যোগ্য হয়েও একবারও ভাতার টাকা পাননি বলে অভিযোগ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বহু মহিলাও এই দাবি করেছেন। এবার তাদের সমস্যা সমাধানে পদক্ষেপ নিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।
যোগ্যদের সুবিধা পৌঁছে দিতে আর্জি সাংসদের | Annapurna Yojana
নিজের এলাকার একজন যোগ্য আবেদনকারীও যাতে এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে বিজেপি সাংসদ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত যোগ্য মহিলারা কোনও কারণবশত অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের অবিলম্বে প্রকল্পের আওতায় আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন বিষ্ণুপুরের সাংসদ।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের দিন থেকেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে শুরু করেন যোগ্য প্রাপকরা। এবারে দেড় কোটিরও বেশি মহিলা পেয়েছেন এই প্রকল্পের আর্থিক সুবিধা। তবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছুজন বাদ পড়ে যান।
এই অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সৌমিত্র খাঁ লেখেন, বহু যোগ্য মহিলা বারবার আবেদন করেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি। বাদ পড়া মহিলাদের আবেদনপত্রের আইডি ও তালিকাও চিঠির সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন সাংসদ। যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি।

স্বাভাবিকভাবেই সাংসদের এই পদক্ষেপে অত্যন্ত খুশি এলাকার বঞ্চিত মহিলারা। এবারে তাদের কিছুটা চিন্তা কেটেছে। বঞ্চিত আবেদনকারী কোতুলপুরের মনিকা খাঁ বলেন, কুড়ি জন মিলে আবেদন করেছিলাম, বিডিও অফিস থেকে অনলাইন সব জায়গায় ঘুরেছি, একবারও পাইনি। সাংসদ আমাদের হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।
আরও পড়ুন: বাংলায় তৈরি হতে চলেছে আরও একটি বিমানবন্দর! কোচবিহারে গিয়ে কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
বঞ্চিত আবেদনকারী রেণুকা রায়, রুমা নন্দী ও অর্পিতা পালরা জানান, ব্যস্ততার মধ্যেও সাংসদ আমাদের কথা ভেবেছেন, এটা প্রশংসনীয়। এবারে যোগ্য মহিলারা বিচার পাবেন বলে আশাবাদী সকলে।













