বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার বর্ধমান থেকে রাজ্যের কৃষকদের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কৃষিকাজে বিদ্যুতের খরচ কমানোর জন্য প্রায় চার লক্ষ কৃষককে (Farmers) ইউনিট প্রতি বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি ৫৪ লক্ষ কৃষককে বছরে ৯ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন।
কোন কৃষকরা বছরে ৯ হাজার টাকা পাবেন? | (Suvendu Adhikari)
কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনায় দেশের কোটি কোটি কৃষককে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের পাশাপাশি রাজ্যের তরফে ৫৪ লক্ষ কৃষককে আরও ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ফলে কৃষকরা ৬ হাজার টাকার বদলে এবার থেকে বছরে ৯ হাজার টাকা করে পাবেন।
আরও পড়ুনঃ পুজোর আগে বেতন-পেনশন নিয়ে বাড়ছে চিন্তা! কলকাতা পুরসভার সার্ভার ডাউন হওয়ায় উদ্বিগ্ন কর্মীরা
পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প নিয়েও বিগত কয়েক মাস ধরে বেশ কিছু জল্পনা কল্পনা চলছিল। সেই নিয়েও গতকাল বড় বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি ভেরিফিকেশন হবে। এক শতকের বেশি জমি থাকলে ৪ হাজার টাকা মিলবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আশা করা হচ্ছে এই বছর অনেক ধান উৎপাদন হবে। যাদের পাঁচ একর অবধি জায়গা রয়েছে, তাঁদের ২৫০০ টাকার সঙ্গে আরও ২০০ টাকা কুইন্টাল প্রতি দেওয়া হবে। মাঝে কোনও দালাল থাকবে না। কৃষকরা যত ইচ্ছা ধান দেবে, সরকার কিনে নেবে। ১০০ কুইন্টাল ধান দিলে রাজ্য সরকার বাড়তি ২০ হাজার টাকা দেবে।

কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার মাঝেমধ্যেই নানা ধরণের উদ্যোগ নেয়। পুজোর মুখে তাঁদের আরও একাধিক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণাগুলি কৃষকদের উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।












