বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতের বৃহত্তম বেসরকারি ফুয়েল রিটেলার নায়রা এনার্জি, প্রতি লিটার পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) ৩ টাকা বাড়িয়েছে। ইতিমধ্যেই PTI সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, খুচরো মূল্য এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক তেল ও পরিশোধিত পণ্যের খরচের মধ্যে ব্যবধান পূরণ করাই এই পদক্ষেপের লক্ষ্য। জানিয়ে রাখি যে, সারাদেশে (India) নায়রার (Nayara Energy) ৭,০০০-এরও বেশি পেট্রোল পাম্প রয়েছে।
পেট্রোলে ৫, ডিজেলে ৩ টাকা (Petrol-Diesel Price) বৃদ্ধি করল এই সংস্থা:
উল্লেখ্য যে, অপরিশোধিত তেলের দামে সাম্প্রতিক বৃদ্ধি বিশ্বজুড়ে তেল কোম্পানিগুলির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। যার ফলে এই সর্বশেষ মূল্যবৃদ্ধি ঘটেছে। এই বছর নাইরা এনার্জি জ্বালানির মূল্য ইতিমধ্যেই বেশ কয়েকবার পরিবর্তিত করেছে। কারণ, শোধনাগারগুলি অপরিশোধিত তেল ও এর উৎপাদিত পণ্যের বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে।

অপরিশোধিত তেলের দাম: আন্তর্জাতিক বাজারে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২.৩ ডলারে স্থির হয়েছে। চিনের জ্বালানি রফতানি নিষেধাজ্ঞা এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আরও সেনা মোতায়েনের সম্ভাবনার কারণে সম্প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়েছে। স্পট মার্কেটে তেলের দাম আরও বেশি। এই কারণেই বিশ্বজুড়ে তেল বিক্রেতাদের মুনাফার ওপর চাপ বেড়েছে।
আরও পড়ুন: ফাইনালে পাক-বধ! চিরপ্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এশিয়ান গেমসে সোনা জিতল শ্রেয়স বাহিনী
জানিয়ে রাখি যে, এর আগে, গত ১ জুলাই নায়রা এনার্জি প্রতি লিটার পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়েছিল। তবে, রাষ্ট্রয়াত্ত তেল সংস্থাগুলি গত মে মাস থেকে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন করেনি। দেশের ৯০ শতাংশ পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সরকারি সংস্থাগুলির মালিকানাধীন।
আরও পড়ুন: বড় ঝটকা পাবে আমেরিকা! Mega Pipeline Plan তৈরি কানাডার, কীভাবে লাভবান হবে ভারত?
পেট্রোল ও ডিজেলের দাম: শনিবার দিল্লিতে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৫.২০ টাকায় রয়েছে। গত মে মাসে, এই সংস্থাগুলি ধাপে ধাপে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটার ৭.৫০ টাকা বাড়িয়েছিল। এদিকে, অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় ধরে এই পর্যায়ে থাকলে সরকারি সংস্থাগুলিও দাম পরিবর্তন করতে পারে বলে অনুমান করা হচ্ছে।













