বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বোলিং বিভাগের শোচনীয় ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের শেষ ম্যাচে ৩৫১ রান স্কোরবোর্ডে তুলেও ম্যাচ জিততে ব্যর্থ হলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) প্রথম দুই ম্যাচে শতরান হাঁকালেও তৃতীয় ম্যাচে ব্যর্থ হন। লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে ভর করে বড় রান তুলেছিল ভারত। কিন্তু বোলাররা সেই রান ডিফেন্ড করতে চূড়ান্ত ব্যর্থ। বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে এই বিষয়টা চাপে রাখছে টিম ম্যানেজমেন্টকে।
শুধু এই ম্যাচেই নয়, সিরিজের তিনটি ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলিং। প্রথম ম্যাচে কুলদীপ যাদবের পারফরম্যান্স ব্যতীত আর কোনও বোলারকে মনে রাখার মতো পারফরম্যান্স করতে দেখা যায়নি। চোট আঘাত ও পরীক্ষা নিরীক্ষার কারণে ভারতের বোলিং লাইন-আপে একাধিক পরিবর্তনও দেখা যায় গোটা সিরিজ জুড়ে। কিন্তু এবার এই পরীক্ষামূলক ভাবে সিরিজ খেলতে নামার বিষয়টি নিয়ে চটেছেন অধিনায়ক শুভমান গিল।

আগামী ওডিআই বিশ্বকাপ আরম্ভ হতে বাকি আর মাত্র একটা মাস। তার আগে এখনও ভারতীয় সমর্থকরা জানেন না যে আগামী বিশ্বকাপে দলের বোলিং লাইন-আপ কেমন হতে চলেছে। চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকা অভিজ্ঞ যশপ্রীত বুমরা আপাতত টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছেন। অভিজ্ঞ মহম্মদ সামি আর স্কোয়াডে সুযোগ পান না। মহম্মদ সিরাজও গম্ভীরের পছন্দের তালিকায় নেই। কাল বোলারদের অভাবে তাকে দীর্ঘদিন পর একাদশে ফেরালেও এই ফরম্যাটে বহুদিন না খেলার প্রভাব সিরাজের বোলিংয়ে চোখে পড়েছে।
আরও পড়ুন: ১০,০০০-এর ক্লাবে ঢুকলেন রাহুল! ধোনিকে টপকে গেলেন ভারতের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ শুভমান মন্তব্য করেছেন, “সত্যি বলতে, পরীক্ষা-নিরীক্ষা করার মতো খুব বেশি সময় আছে বলে আমার মনে হয় না। আমরা যে কম্বিনেশন বা দল নিয়ে আগামী বিশ্বকাপ খেলতে চাই, আশা করি আগামী সিরিজ থেকেই সব খেলোয়াড়কে পাব। বিশ্বকাপে আমরা যে কম্বিনেশন নিয়ে খেলতে আগ্রহী, এখন থেকেই সেভাবে খেলা শুরু করতে চাই।”
আরও পড়ুন: বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ! এবার সরাসরি ভারতীয় দল থেকে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর
অনেকেই মনে করছেন যে নবাগত ভারতীয় বোলার গুরনুর ব্রার-কে নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর। চলতি বছরের মাঝামাঝি ভারতীয় দলে অভিষেক ঘটে পাঞ্জাবের এই পেসারের। ধারাবাহিকভাবে কিছু উইকেট তুললেও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআইতে ১০ ওভারে ৯৭ রান এবং তারপর চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৯৬ রান খরচ করেছেন তিনি। তারপরেও কেন গৌতম গম্ভীর তাকে টানা সুযোগ দিয়ে যাচ্ছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।













