বাংলা হান্ট ডেস্কঃ মেসি কাণ্ডে বঞ্চিতদের বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, গত বছর লিওনেল মেসিকে দেখার জন্য টিকিট কেটেও যারা দেখতে পাননি, তাঁদের ফ্রি-তে ভারত-উরুগুয়ে ম্যাচের (India-Uruguay Match) টিকিট দেওয়া হবে। এবার কোথা থেকে, কীভাবে এই টিকিট পাওয়া যাবে তা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। পাশাপাশি এই টিকিট পাওয়ার জন্য কী কী নথি লাগবে সেটাও জানিয়েছেন তিনি।
ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট কীভাবে পাওয়া যাবে? | (Indranil Khan)
রবিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট পাওয়ার পদ্ধতি জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলা ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। গত ১৬ ডিসেম্বর লিওনেল মেসির গোট ট্যুর দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাঁদের এই ফ্রি টিকিট দেওয়া হবে।
আরও পড়ুনঃ আরও চওড়া হচ্ছে বীরভূমের ২টি জাতীয় সড়ক! রাজ্যকে ৫০৯ কোটি দিল কেন্দ্র
ইন্দ্রনীল জানিয়েছেন, ৫ অক্টোবর, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি ভারত-উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট দেওয়া হবে। এর জন্য ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো যে কোনও একটি সরকারি পরিচয়পত্র ও মেসি ম্যাচের টিকিট দেখাতে হবে।
কোথা থেকে এই ফ্রি টিকিট সংগ্রহ করতে হবে, সেটাও জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। মোট ৯টি জায়গা থেকে এই টিকিটগুলি দেওয়া হবে। মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ান কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর ২ ও গেট নম্বর ৩এ, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট গোপালপুর সুইমিং পুল থেকে এই টিকিট পাওয়া যাবে।

ভারত-উরুগুয়ে ম্যাচের এই ফ্রি টিকিট কতজনকে দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি। তবে অনলাইনে টিকিট কাটা ২২ হাজার দর্শক ভারত-উরুগুয়ে ম্যাচের এই বিনামূল্যে টিকিট পাবেন বলে খবর। এবার কোথা থেকে, কীভাবে এই টিকিট সংগ্রহ করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।













