বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করেছিলেন তিনি। তিনি যে বিশ্বকাপের জন্য তৈরি তা যেন নিজের ব্যাটিং দিয়েই বুঝিয়ে দিচ্ছেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক। কিন্তু তিনি বিশ্বকাপ খেলে অবসর নেওয়ার পর তার জায়গা নেবেন কে? এবার তিলক ভার্মাকে (Tilak Varma) সেই জায়গায় দেখতে চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
তিলক আপাতত ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন। সামান্য কিছু ওডিআই ম্যাচ খেললেও অভিজ্ঞ তারকাদের ভিড়ে এই ফরম্যাটে তিনি নিজেকে নিয়মিত করে তুলতে পারেননি। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি তিন নম্বরে ব্যাটিং করে সাফল্য পেয়েছিলেন। ওই পজিশনে তিনি টানা দুটি শতরানও করেছিলেন। কিন্তু এখন দলের প্রয়োজনে তিনি ৫ বা ৬ নম্বর পজিশনে ব্যাট করছেন।
সেই জায়গাতেও তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল একটি বিধ্বংসী হাফসেঞ্চুরি। তার সেই ইনিংসে ভর করেই ২০০ রানের গণ্ডি পেরিয়েছিল ভারত এবং শেষপর্যন্ত তার ওই ইনিংসের কারণেই স্বর্ণপদক আসে ভারতের ঝুলিতে। আর শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটেও তিনি বড় ফরম্যাটে ধারাবাহিকভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন।

এরপরই প্রাক্তন ভারতীয় ওপেনার ও ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের তারকা ওয়াসিম জাফর ব্যাটিংয়ের বিভিন্ন অবস্থানে খেলার ক্ষেত্রে তিলকের দক্ষতার প্রশংসা করেছেন এবং বিশেষ করে ৩ নম্বর পজিশনে তার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। জাফর বলেন, “তার এই বহুমুখী দক্ষতা দেখে দারুণ লাগছে। এর আগে ৩ নম্বরে ব্যাট করে সে সেঞ্চুরি করেছিল, আর এখন ৫ ও ৬ নম্বর পজিশনের সাথেও সে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে।”
জাফর বলেন, “বিরাট ও রোহিত যখন সরে দাঁড়াবেন, তখন রোহিতের জায়গায় আসার জন্য যশস্বী জয়সওয়াল রয়েছেন। তবে আমার মনে হয় বিরাটের জায়গায় একজন বাঁ-হাতি ব্যাটার আসবেন।” তিনি আরও যোগ করে বলেন, “তাঁর সেই খেলার দক্ষতা রয়েছে। দলীপ ট্রফিতে যেভাবে তিনি রান পেয়েছেন, তা আমরা দেখেছি। তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে গড় প্রায় ৫৫। তাই তিনি খুব সহজেই ক্রিকেটের তিনটি ফরম্যাটেই মানিয়ে নিতে পারবেন।”













