মতুয়াদের জন্য বড় ঘোষণা, ময়নাগুড়ি থেকে কী বার্তা দিলেন শান্তনু ঠাকুর?

Published on:

Published on:

Shantanu Thakur did major announcement for Matuas
Follow

বাংলা হান্ট ডেস্ক : মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের দাবি ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর এবার উন্নয়নকে সামনে রেখে নতুন পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। ময়নাগুড়িতে সংগঠনের কর্মীসভা থেকে তাঁর ঘোষণা, আগামী দিনে মতুয়াদের জন্য পৃথক ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে। এই বোর্ডের মাধ্যমে সম্প্রদায়ের সামাজিক ও কল্যাণমূলক কাজকে আরও গতি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

মতুয়াদের উন্নয়নে বড় ঘোষণা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)

রবিবার ময়নাগুড়ি ধর্মশালায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠকে মতুয়া সমাজের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী দিনের কর্মসূচি, সামাজিক বিষয় এবং রাজনৈতিকভাবে সংগঠনের ভূমিকা—বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শান্তনু ঠাকুর। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতিও।

তবে সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে নাগরিকত্বের প্রসঙ্গ। মতুয়া সম্প্রদায়ের বহুদিনের দাবিগুলির মধ্যে সিএএ কার্যকর করার বিষয়টি অন্যতম ছিল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশ থেকে ভারতে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষদের আর দেরি না করে নাগরিকত্বের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, সিএএ-র মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

নাগরিকত্বের প্রশ্নের পাশাপাশি এবার সম্প্রদায়ের উন্নয়ন নিয়েও আলাদা কাঠামো তৈরির পরিকল্পনা সামনে আনেন শান্তনু। কেন্দ্র ও রাজ্যের নেতৃত্বের উদ্যোগে ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ তৈরি হলে শিক্ষা, সামাজিক কল্যাণ এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে সভায় বার্তা দেওয়া হয়। মতুয়া সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে অতীতের সরকারগুলির ভূমিকাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।

Shantanu Thakur did major announcement for Matuas

আরও পড়ুন : ২০২৫-এর OBC সার্টিফিকেট আর বৈধ নয়! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, আগের সরকার বা নেতৃত্বের সময়ে সম্প্রদায়ের উন্নয়নের জন্য তেমন কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সেই জায়গায় বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তার ইতিবাচক ভূমিকার দাবি করেন তিনি। ময়নাগুড়ির সভা তাই শুধু সাংগঠনিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকল না। সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের আবেদন দ্রুত করার আহ্বানের পাশাপাশি মতুয়া সমাজের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের সম্ভাবনার কথাও সামনে এল। এখন এই ঘোষণা বাস্তবে কীভাবে রূপ নেয় এবং প্রস্তাবিত বোর্ডের কাঠামো কী হয়, সেদিকেই নজর থাকবে মতুয়া সম্প্রদায়ের।