বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনে কতটা পরিবর্তন আসতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই হিসাব শুরু হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অবসর নেওয়া বা ওই তারিখের পরে অবসর নিতে চলা কর্মীদের ক্ষেত্রে সংশোধিত পেনশনের সম্ভাব্য অঙ্ক নিয়ে আগ্রহ বেশি। এখনও অবশ্য কেন্দ্রের তরফে চূড়ান্ত অঙ্ক ঘোষণা হয়নি। তার আগেই বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর ধরে যে হিসাব সামনে এসেছে, তাতে লেভেল ৫ থেকে ৯-এর কর্মীদের সম্ভাব্য পেনশন সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) পেনশন কত হবে?
ধরা যাক, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হয়। সেক্ষেত্রে লেভেল ৫-এর কর্মীর সম্ভাব্য মাসিক পেনশন দাঁড়াতে পারে ৩৭,৫২২ টাকা। লেভেল ৬-এ এই অঙ্ক হতে পারে ৪৫,৪৮৯ টাকা। লেভেল ৭-এর জন্য হিসাব ৫৭,৬৯৭ টাকা, লেভেল ৮-এর জন্য ৬১,১৬৬ টাকা এবং লেভেল ৯-এর ক্ষেত্রে ৬৮,২৩৪ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। তিনটি সম্ভাব্য ফ্যাক্টরের মধ্যে এটিই তুলনামূলকভাবে সর্বোচ্চ হিসাব।
ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ হলে ছবিটা কিছুটা আলাদা। এই হিসাব অনুযায়ী লেভেল ৫-এর মাসিক পেনশন হতে পারে ৩৩,২৮৮ টাকা। লেভেল ৬-এর জন্য সম্ভাব্য অঙ্ক ৪০,৩৫৬ টাকা। অন্যদিকে লেভেল ৭, ৮ এবং ৯-এর ক্ষেত্রে যথাক্রমে ৫১,১৮৬ টাকা, ৫৪,২৬৪ টাকা এবং ৬০,৫৩৪ টাকা পর্যন্ত পেনশন হতে পারে বলে হিসাব করা হয়েছে। আবার ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসাব করলে সম্ভাব্য পেনশন তুলনামূলকভাবে কম। লেভেল ৫-এর ক্ষেত্রে মাসে প্রায় ৩০,৬৬০ টাকা, লেভেল ৬-এ ৩৭,১৭০ টাকা এবং লেভেল ৭-এ ৪৭,১৪৫ টাকা হতে পারে। লেভেল ৮-এর সম্ভাব্য পেনশন ৪৯,৯৮০ টাকা এবং লেভেল ৯-এর ক্ষেত্রে ৫৫,৭৫৫ টাকা পর্যন্ত হতে পারে।
এই হিসাব বোঝার জন্য বর্তমান পেনশন কাঠামোটাও জানা প্রয়োজন। নিয়ম অনুযায়ী, অবসরকালীন পেনশনের জন্য কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর অন্তত ১০ বছরের qualifying service থাকা দরকার। সাধারণভাবে ১ জানুয়ারি ২০০৬ থেকে চালু থাকা ব্যবস্থায় শেষ বেসিক পে অথবা অবসরের আগের শেষ ১০ মাসের গড় বেসিক পে—এই দুটির মধ্যে কর্মীর পক্ষে যে হিসাব বেশি সুবিধাজনক, তার ৫০ শতাংশকে পেনশন নির্ধারণের ভিত্তি হিসেবে ধরা হয়।

আরও পড়ুন : অক্টোবরে ১২ দিন বন্ধ থাকবে দোকান, পুজোর আগেই তুলে রাখুন রেশন
সপ্তম বেতন কমিশনের অধীনে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা। সর্বোচ্চ পেনশন নির্ধারিত রয়েছে ১.২৫ লক্ষ টাকা। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে এই কাঠামোয় কী পরিবর্তন আসে, তার উপরই সংশোধিত পেনশনের প্রকৃত অঙ্ক নির্ভর করবে। তবে যে সম্ভাব্য অঙ্কগুলি সামনে এসেছে, সেগুলি কোনও সরকারি ঘোষণা নয়। এগুলি বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর ধরে করা প্রাথমিক হিসাব। অষ্টম বেতন কমিশন শেষ পর্যন্ত কী সুপারিশ করে এবং কেন্দ্রীয় সরকার সেই সুপারিশের কতটা অনুমোদন করে, তার পরেই প্রকৃত সংশোধিত পেনশনের ছবি স্পষ্ট হবে।













