বাংলা হান্ট ডেস্কঃ প্রায় সারা বছরই সৈকত শহর দিঘায় (Digha) পর্যটকদের ভিড় লেগে থাকে। পুজোর সময়ও অনেকে ছুটে যান সেখানে। এবার সেই দিঘাতেই নেওয়া হল অভিনব উদ্যোগ। চালু হল সেফ ট্রিপ দিঘা অ্যাপ (Safe Trip Digha App)। এর মাধ্যমে ঘুরতে আসা পর্যটকদের পাশাপাশি সুবিধা হবে স্থানীয়দেরও।
সেফ ট্রিপ দিঘা অ্যাপের সুবিধা ও ব্যবহারের পদ্ধতি | (Safe Trip Digha App)
দিঘায় ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা আরও মজবুত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর এই অ্যাপ চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার এই অ্যাপের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা, রাজ্যের মন্ত্রী হরেকৃষ্ণ বেরা, পাঁশকুড়া পূর্বের বিধায়ক সুব্রত মাইতি, নন্দকুমারের বিধায়ক নির্মল খাঁড়া, জেলাশাসক নিরঞ্জন কুমার সহ বিশিষ্টরা।
সেফ ট্রিপ দিঘা অ্যাপে জিপিএস ও জিও ফেন্সিং প্রযুক্তির সুবিধা আছে। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় ঢোকার ক্ষেত্রে আগাম সতর্কবার্তা দেওয়া হবে। পাশাপাশি এই অ্যাপে জোয়ার আসার আধ ঘণ্টা আগে সতর্কবার্তা ও কাউন্টডাউনের সুবিধা থাকছে।
এছাড়া পূর্ব মেদিনীপুরের যে কোনও এলাকা থেকে অ্যালার্ট কল করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সেই সময়কার জিপিএস লোকেশন সহ তাৎক্ষনিক অ্যালার্ট পৌঁছে যাবে। পুলিশ যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে।
এর পাশাপাশি নিকটবর্তী পুলিশ সহায়তা কেন্দ্র, থানা ও সমুদ্রসৈকতে কর্তব্যরত নুলিয়াদের সঙ্গে যোগাযোগের তথ্য সেফ ট্রিপ দিঘা অ্যাপে দেওয়া আছে। রাস্তা বন্ধ, যানজট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও এখানে পাওয়ার সুবিধা থাকছে। এছাড়া নানা ভাষায় নিরাপত্তা সংক্রান্ত মেসেজ, নিকটবর্তী দর্শনীয় স্থানের খোঁজ ও সেখানে পৌঁছনোর দিকনির্দেশনাও এই অ্যাপে দেওয়া আছে।

মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সেফ ট্রিপ দিঘা অ্যাপ ডাউনলোড করে সহজেই ইনস্টল করা যাবে। মূলত দিঘা সহ উপকূলীয় অঞ্চলের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই অ্যাপ তৈরি করা হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে গোটা জেলার সাধারণ মানুষও জরুরি পরিস্থিতিতে পুলিশি সহায়তা নিতে পারবেন।
রাজ্যের জনপ্রিয়তম পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম দিঘা। এবার সেখানেই পর্যটকদের নিরাপত্তায় চালু করা হল প্রযুক্তিনির্ভর সেফ ট্রিপ দিঘা অ্যাপ। এর মাধ্যমে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষরাও উপকৃত হবেন।














