Durga Puja 2026 Live Updates

পুজো উদ্বোধনের সময় হেনস্থার শিকার মমতা! অভিযুক্ত আটক হলেও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Published on:

Published on:

Mamata Banerjee security breach during Kalighat Milan Sangha Durga Puja inauguration
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয়ার সন্ধ্যায় নিজের পাড়া কালীঘাট মিলন সংঘের (Kalighat Milan Sangha) পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার তথা মাদকাসক্ত মহিলা ছুরি নিয়ে তেড়ে আসার পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুজো উদ্বোধন করতে গিয়ে হেনস্থার শিকার মমতা | (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রত্যেক বছর পুজোয় অত্যন্ত ব্যস্ত থাকতেন মমতা। কলকাতার পাশাপাশি ভার্চুয়ালি জেলার একাধিক পুজোর উদ্বোধন করতেন তিনি। তবে পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। এদিন একেবারে আটপৌড়ে শাড়ি পরে নিজের পাড়ার পুজো উদ্বোধন করতে যান তিনি। সেই সময়ই বাঁধে বিপত্তি।

আরও পড়ুনঃ দিঘায় পর্যটকদের জন্য চালু হল সেফ ট্রিপ দিঘা অ্যাপ! কী কী পরিষেবা পাওয়া যাবে জানুন

ইতিমধ্যেই এই নিয়ে কালীঘাট থানায় ইমেল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন দোলা সেন। সেখানে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। তন্নিষ্ঠা সাহা নামের এক তরুণী আচমকাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে ছুরি হাতে হিংসাত্মকভাবে তেড়ে আসেন। তন্নিষ্ঠা নামের ওই তরুণী এলাকায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি মাদকাসক্ত বলেও দাবি করা হয়েছে। অভিযোগ, ওই তরুণী নিজেকে মমতার ভাইঝি হিসেবে দাবি করছিলেন।

অভিযোগপত্রে আরও দাবি, ওই তরুণী গালিগালাজের পাশাপাশি অত্যন্ত অশালীন আচরণ করেছেন। ঘটনার সময়েও তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ, মমতার শারীরিক ক্ষতি করার জন্যই ওই তরুণী তাঁর উপর হামলা চালাতে গিয়েছিলেন।

প্রাথমিক বিশৃঙ্খলা সামলে শেষমেষ পুজোর উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তিনি জেড প্লাস নিরাপত্তা পান। এমন একজন মানুষের কাছে একজন সশস্ত্র আক্রমণকারী কীভাবে পৌঁছলেন, সেই নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন দোলা।

Mamata Banerjee

অভিযোগপত্রে দাবি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩ ধারা অনুসারে মামলা রুজু করে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সঙ্গে জমা দেওয়া সিসিটিভি তথা ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হোক। জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আটক করেছে পুলিশ।

এই বছর পুজোর সূচনালগ্নে রাজ্যে ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির আন্দোলনে ব্যস্ত ছিলেন তিনি। তৃতীয়ায় নিজের পাড়ার পুজো উদ্বোধনের সময় হেনস্থার মুখে পড়লেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে খবর।