Durga Puja 2026 Live Updates

চোরবাগান কাণ্ডের পর বড় সিদ্ধান্ত! বন্ধ কলকাতার একের পর এক নামী পুজো মণ্ডপ

Published on:

Published on:

These Durga Puja pandals in Kolkata have been closed
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুজোর আনন্দের মাঝেই নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে কলকাতায় (Kolkata)। চোরবাগানের মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনার পর শহরের একাধিক জনপ্রিয় পুজো কমিটি দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দ্বিতীয় সপ্তমীর দিনে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলেও মণ্ডপে পৌঁছে ফিরে আসতে হতে পারে দর্শনার্থীদের।

কলকাতার (Kolkata) কোন পুজোমণ্ডপগুলি বন্ধ রাখা হয়েছে ?

কলকাতার পুজো মানেই মানুষের ঢল, থিমের আকর্ষণ আর রাতভর মণ্ডপ পরিক্রমা। কিন্তু এবারের দুর্ঘটনা দেখিয়ে দিল, ভিড় সামলানোর প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আজ ঠাকুর দেখতে বেরনোর আগে শুধু পছন্দের মণ্ডপের তালিকা নয়, সেটি খোলা রয়েছে কি না এবং প্রবেশের নিয়মে কোনও পরিবর্তন হয়েছে কি না, সেটিও যাচাই করে নিন।

চোরবাগানের ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা বাড়িয়েছে বিভিন্ন পুজো কমিটি। টালা প্রত্যয়ে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে চেতলা অগ্রণী ও আলিপুর সর্বজনীনও। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এ বছর নতুন করে পুজোর আয়োজন করা হয়েছে বিজেপি নেতা শঙ্কু দেব পণ্ডার উদ্যোগে। সেখানেও আপাতত সাধারণ দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে পাঁচটি বড় পুজো মণ্ডপ বন্ধ রাখার খবর সামনে এসেছে।

তবে নিষেধাজ্ঞা কতক্ষণ বহাল থাকবে, তা সংশ্লিষ্ট কমিটির ঘোষণার উপর নির্ভর করছে।চোরবাগানের ঘটনা নিয়ে এখনও উদ্বেগ কাটেনি। প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপের একাংশ ভেঙে পড়ার পর দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। সেই পরিস্থিতিতে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রাণহানির খবর সামনে এসেছে। জানা যাচ্ছে এই ঘটনায় মৃতের সংখ্যা ১৯ এবং আহতের সংখ্যা ২৫। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

These Durga Puja pandals in Kolkata have been closed

আরও পড়ুন : রেলের ‘এই’ পদে চাকরিতে বাড়ানো হল বয়সসীমা! জেনে নিন বিস্তারিত

দুর্ঘটনার পর প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। কী কারণে এমন বিপর্যয় ঘটল এবং কোথাও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনের কথা জানানো হয়েছে। তদন্তের কাজে মণ্ডপ এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।