Durga Puja 2026 Live Updates

রেলের ‘এই’ পদে চাকরিতে বাড়ানো হল বয়সসীমা! জেনে নিন বিস্তারিত

Published on:

Published on:

Age limit increased for 'this' railway job post
Follow

বাংলা হান্ট ডেস্ক : রেলওয়েতে চাকরির (Railway Job) স্বপ্ন দেখেন বহু তরুণ-তরুণী। সেই প্রস্তুতির মাঝেই রেলের এই পদে নিয়োগের জন্য বয়সের পরিবর্তন করা হয়েছে। তবে বয়সের এই পরিবর্তন নিয়ে বর্তমান চাকরিপ্রার্থীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যেসব নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেগুলির ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকবে। অর্থাৎ, নতুন নির্দেশ জারির আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকলে সেই নিয়োগে বয়সের যোগ্যতা নির্ধারিত হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী।

রেলের চাকরিতে(Railway Job) নিয়োগে বয়সের পরিবর্তন

স্টেশন মাস্টার পদে সরাসরি নিয়োগের জন্য এতদিন ১৮ বছর বয়স থেকেই আবেদন করার সুযোগ ছিল। কিন্তু রেল বোর্ডের সাম্প্রতিক নির্দেশে সেই নিয়ম সংশোধন করা হয়েছে। এখন থেকে নতুন নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। গত ৭ অক্টোবর থেকে এই সংশোধিত বিধি চালু হয়েছে।

রেলের নিয়োগবিধিতে স্টেশন মাস্টার পদে সরাসরি নিয়োগের জন্য আগে ১৮ থেকে ৩০ বছর বয়সের সীমা নির্ধারিত ছিল। এবার সেই নিয়মের ন্যূনতম বয়সের অংশে পরিবর্তন আনা হয়েছে। রেল বোর্ডের ৭ অক্টোবরের নির্দেশ অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০ বছরের কম হলে তিনি নতুন নিয়মের আওতায় এই পদে আবেদনের যোগ্য হবেন না। সর্বোচ্চ বয়সসীমা পরিবর্তনের কথা এই নির্দেশে বলা হয়নি।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে জোনাল রেলওয়ে, রেল উৎপাদনকারী সংস্থা এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ন্যূনতম বয়স বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন (এআইএসএমএ)। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে এই পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানানো হচ্ছিল। কারণ, স্টেশন মাস্টার পদে সরাসরি নিয়োগের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক। ফলে পড়াশোনা শেষ করে নিয়োগের জন্য প্রস্তুত হতে হতে অনেক প্রার্থীর বয়স ১৮ পেরিয়ে যায়।

Age limit increased for 'this' railway job post

আরও পড়ুন : অতিরিক্ত ট্রেন সত্ত্বেও বাড়ছে চাহিদা, স্পেশ্যাল ট্রেনে কাটা যায় তৎকাল টিকিট?

নতুন নিয়মের ফলে যাঁরা আগামী দিনে স্টেশন মাস্টার পদে আবেদন করতে চান, তাঁদের বয়সের দিকটা আগে থেকেই মাথায় রাখতে হবে। বিশেষ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে উল্লেখ করা বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত খুঁটিয়ে দেখা জরুরি।