বাংলা হান্ট ডেস্কঃ পুজো মিটতেই রাজ্যে শুরু হল ৭০ দিনের বিশেষ শিবির। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিমা, পেনশন সংক্রান্ত নানা সমস্যার সমাধান মিলছে। পাশাপাশি একাধিক প্রকল্পে নাম নথিভুক্ত করার ব্যবস্থাও রয়েছে। আর্থিক পরিষেবার বাইরে থাকা রাজ্যের যোগ্য পরিবারগুলিকে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে ফিনান্সিয়াল ইনক্লুশন (এফআই) স্যাচুরেশন ক্যাম্পেন (Financial Inclusion Campaign)। আগামী ৩১ ডিসেম্বর অবধি এই শিবির চলবে।
রাজ্যে শুরু ৭০ দিনের বিশেষ শিবির | (Financial Inclusion Campaign)
সরকারি তথ্য থেকে জানা গিয়েছে, সম্পূর্ণ কর্মসূচি স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি, পশ্চিমবঙ্গের সমন্বয়ে পরিচালিত হবে। এর সঙ্গে নানা ব্যাঙ্ক, জেলা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, পুরসভা, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ও সংশ্লিষ্ট সংস্থাগুলি যুক্ত থাকবে।
এই শিবিরগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিমা, পেনশন ও কৃষকদের নানা প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ পাওয়া যাচ্ছে। স্থানীয় স্তরে শিবিরের আয়োজন করে সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এই শিবিরের লক্ষ্য।
এই ফিনান্সিয়াল ইনক্লুশন (এফআই) স্যাচুরেশন ক্যাম্পেনে অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার মতো প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখনও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীন অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই সঙ্গেই পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের রি-কেওয়াইসি, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আরও নানা কাজ করা যাবে।

এছাড়া ফিনান্সিয়াল ইনক্লুশন (এফআই) স্যাচুরেশন ক্যাম্পেনে রাজ্যের কৃষকদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীন কৃষকরা নাম নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি যোগ্য পিএম কিষাণ উপভোক্তাদের থেকে কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন নেওয়া হবে।
গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া ৭০ দিনের এই বিশেষ শিবিরে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গেই বিশেষ দুর্বল আদিবাসী গোষ্ঠীর পরিবারগুলি যাতে দ্রুত ব্যাঙ্কিং পরিষেবা পায়, সেদিকেও নজর দেওয়া হয়েছে।














