বাংলা হান্ট ডেস্ক : ক্রিকেটের মাঠে সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার সেই পরিচিত ক্রিকেট-অধ্যায় বড় পর্দায় তুলে ধরা নিয়ে বিতর্কে জড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আপত্তি, অনুমতি ছাড়াই এমন কিছু ঘটনা সিনেমায় দেখানো হয়েছে, যা সরাসরি তাঁর জীবনের সঙ্গে সম্পর্কিত। এই অভিযোগের জেরেই ‘দুসরা’র মুক্তি বন্ধ করার আবেদন করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
দিল্লি হাইকোর্টের খারিজ সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) আবেদন
সৌরভের অভিযোগ, ‘দুসরা’য় তাঁর ক্রিকেটজীবনের একাধিক উল্লেখযোগ্য অধ্যায় জায়গা পেয়েছে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা থেকে শুরু করে ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজে ভারতের জয়—বিভিন্ন ঘটনা ছবিতে তুলে ধরা হয়েছে বলে দাবি তাঁর। বিশেষ করে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানোর ঐতিহাসিক দৃশ্যটিও ছবিতে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সৌরভের দাবি, তাঁর জীবনের সঙ্গে জড়িত এই ঘটনাগুলি ব্যবহার করার আগে নির্মাতারা তাঁর অনুমতি নেননি।
এই কারণেই ছবিটির মুক্তি স্থগিত রাখার আবেদন নিয়ে আদালতে যান তিনি। তাঁর বক্তব্য, পরিচিত কোনও ক্রীড়াব্যক্তিত্বের জীবনের ঘটনা বাণিজ্যিক ছবিতে ব্যবহার করার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকারের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। সৌরভের অভিযোগ, তাঁর সম্মতি ছাড়াই তাঁর পরিচিতি ও জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। সেই ব্যবহার বন্ধ করতেই তিনি আইনি পদক্ষেপ করেন। দিল্লি হাই কোর্ট সৌরভ গাঙ্গুলির আবেদন খারিজ করে দিয়েছে। ফলে ছবিটির মুক্তি আটকানোর নির্দেশ পাওয়া যায়নি।ফলে শুক্রবার দেশজুড়ে হিন্দি ও ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।
উল্লেখ্য, এই বিতর্কের মাঝেই সৌরভের জীবন নিয়ে তৈরি হতে থাকা বায়োপিক ‘দাদা’র কাজ এগিয়ে চলেছে। লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
ছবিতে সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য।

আরও পড়ুন : কলেজে ভর্তি হলেই বছরে ২০ হাজার টাকা! এই স্কলারশিপে আবেদন করার আগে জেনে নিন
জানা গেছে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন তানিয়া মানিকতল্লা। এ ছাড়াও ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া এবং প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের চরিত্র ছবিতে কীভাবে তুলে ধরা হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর মুক্তি পেতে পারে ‘দাদা’।














