বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি চাকরির বেতন কাঠামো এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অষ্টম বেতন কমিশনকে (8th Pay Commission) ঘিরে। এবার কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধানে একগুচ্ছ পরিবর্তনের দাবি জানাল ভারতীয় সুরক্ষা মজদুর সংঘ (বিপিএমএস)। সংগঠনটির জমা দেওয়া ৭৩ দফার প্রস্তাবে শুধু আর্থিক সুবিধা বাড়ানোর কথা নয়, বরং চাকরির নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ এবং পদোন্নতির নিয়ম ঢেলে সাজানোর বিষয়টিও উঠে এসেছে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কী দাবি রেখেছে বিপিএমএস?
গত ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে কমিশনের কাছে পাঠানো স্মারকলিপিতে বিপিএমএস জানিয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের সুযোগ-সুবিধা পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মীদের উন্নতির পথ তৈরি করা এবং অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।

বেতন সংক্রান্ত দাবির তালিকায় প্রথমেই রয়েছে বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানোর বিষয়টি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের উপর ৩ শতাংশ হারে বার্ষিক বৃদ্ধি পান। বিপিএমএস এই হার বাড়িয়ে ৬ শতাংশ করার সুপারিশ করেছে।নতুন বেতন কাঠামো তৈরির আগে কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ৫০ শতাংশ মূল বেতনের সঙ্গে যুক্ত করার কথাও বলা হয়েছে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রেও নতুন করে হিসাব করার পক্ষে সওয়াল করেছে সংগঠনটি।
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনায় ‘বঞ্চিত’দের জমা দিতে হবে আবেদনপত্র! টাকা পাইয়ে দিতে বড় উদ্যোগ বিধায়কের
ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের ক্ষেত্রেও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে। নতুন বেতন কমিশনে পুরনো মূল বেতন সংশোধনের ক্ষেত্রে এই ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপিএমএসের বক্তব্য, এমন অনুপাত বেছে নেওয়া প্রয়োজন, যাতে মুদ্রাস্ফীতির প্রভাব কিছুটা হলেও সামাল দেওয়া যায়। পেনশন ব্যবস্থায় আমূল পরিবর্তনের পক্ষেও মত দিয়েছে সংগঠনটি। তাদের অন্যতম প্রধান দাবি, পুরনো পেনশন স্কিম (ওপিএস) ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে নতুন পেনশন ব্যবস্থা এনপিএস এবং ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) বন্ধ করার প্রস্তাবও কমিশনের কাছে রাখা হয়েছে।
কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের পাশাপাশি চাকরির সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্ব পেয়েছে। বিপিএমএসের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু অ্যাড-হক বোনাস এবং প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের ক্ষেত্রে কোনও কর্মীকে বাদ দেওয়া চলবে না। সংশ্লিষ্ট বেতন স্তরের সর্বনিম্ন মূল বেতনের ভিত্তিতে বোনাসের হিসাব করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী গোষ্ঠী বিমা প্রকল্পের আওতায় যে ৩০ হাজার টাকার বিমা সুবিধা রয়েছে, তা বাড়িয়ে অন্তত ১৫ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে সংগঠনটি। কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার যাতে আর্থিকভাবে বিপর্যস্ত না হয়, সেই লক্ষ্যেই এই প্রস্তাব।
চাকরির পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার সুযোগ বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে প্রস্তাবের তালিকায়। সন্তান জন্মের পর বাবাদের দায়িত্ব পালনের সুবিধার্থে পিতৃত্বকালীন ছুটি ৪৫ দিন করার সুপারিশ করেছে বিপিএমএস। শুধু নিজের সন্তান জন্মের ক্ষেত্রেই নয়, কোনও কর্মী শিশু দত্তক নিলেও যাতে এই ছুটি পান, সেই ব্যবস্থা চালুর দাবি রয়েছে। শিশুদের দেখভালের জন্য নির্দিষ্ট শর্ত মেনে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত পূর্ণ বেতনে ছুটি দেওয়ার প্রস্তাবও পেশ করা হয়েছে। মহিলা কর্মীদের শারীরিক প্রয়োজনের কথা মাথায় রেখে মাসে একদিন ঋতুস্রাবকালীন ছুটি চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি বছরে নৈমিত্তিক ছুটির সংখ্যা বাড়িয়ে ১২ দিন করার কথাও বলা হয়েছে।
ভ্রমণ সংক্রান্ত সরকারি সুবিধা বা এলটিসির নিয়মেও বদল চায় সংগঠনটি। যোগ্য কর্মীদের প্রতিটি এলটিসি ব্যবহারের ক্ষেত্রে ২০ দিনের ছুটি নগদে পাওয়ার প্রস্তাব রয়েছে। করোনা পরিস্থিতির সময় সরকারি কর্মীদের জন্য যে এলটিসি স্পেশাল ক্যাশ প্যাকেজ চালু হয়েছিল, সেটিও আবার ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, সন্তানদের উচ্চশিক্ষার খরচ সামলাতে শিশু শিক্ষা ভাতার পরিধি স্নাতকোত্তর স্তর পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।
চিকিৎসার ক্ষেত্রে যেসব কর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি সমতুল্য সরকারি স্বাস্থ্য পরিষেবা পান না, তাঁদের নির্দিষ্ট চিকিৎসা ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া বিপজ্জনক পরিবেশে কাজ করা কর্মীদের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঝুঁকি ভাতা দেওয়ার দাবি উঠেছে। মডিফায়েড অ্যাসিওরড কেরিয়ার প্রোগ্রেশন বা এমএসিপি প্রকল্পের আওতায় ৩০ বছরের চাকরিজীবনে অন্তত পাঁচবার আর্থিক পদোন্নতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বিপিএমএসের ৭৩ দফা প্রস্তাব সামনে আসায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কোনও কর্মচারী সংগঠন দাবি জানালেই তা সরাসরি কার্যকর হয়ে যায় না। শেষ পর্যন্ত এই দাবিগুলির কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই নজর থাকবে লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর।












