প্রতারণা রুখতে নতুন নিয়মের পথে RBI! UPI-সহ ডিজিটাল পেমেন্ট বন্ধের ক্ষমতা পাবেন গ্রাহকরা

Published on:

Published on:

Reserve Bank of India is set to introduce new rules on the suspension of digital payments, including UPI.

বাংলাহান্ট ডেস্ক: অনলাইন প্রতারণা ও ডিজিটাল জালিয়াতি (Digital Fraud) রুখতে ফের বড় পদক্ষেপ নিতে চলেছে আরবিআই (Reserve Bank of India)। ডিজিটাল প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। কখনও ভুয়ো লিঙ্কে ক্লিক করে, কখনও আবার ওটিপি বা ব্যাঙ্কের গোপন তথ্য হাতিয়ে নিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দিচ্ছে প্রতারকরা। এই পরিস্থিতিতে ব্যাঙ্কের গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতে বড় পদক্ষেপের পথে হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডিজিটাল লেনদেনের (Online Transaction) উপর গ্রাহকদের নিয়ন্ত্রণ বাড়াতে নতুন নিয়মের খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২৩ নভেম্বর প্রকাশিত এই প্রস্তাবের নাম ‘ইলেকট্রনিক ব্যাঙ্কিং ট্রানজ়্যাকশন ফর প্রিভেন্টিভ কন্ট্রোলস’ (Electronic Banking Transaction for Preventive Controls)। এর মূল লক্ষ্য, গ্রাহক নিজের টাকা কী ভাবে এবং কখন খরচ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতেই রাখা।

প্রতারণা রুখতে নতুন নিয়মের পথে RBI (Reserve Bank of India):

নতুন প্রস্তাব অনুযায়ী, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা নিজের ইচ্ছেমতো বন্ধ রাখতে পারবেন গ্রাহকরা। চাইলে একটি নির্দিষ্ট পরিষেবা কিংবা একসঙ্গে সমস্ত ডিজিটাল লেনদেনের মাধ্যম নিষ্ক্রিয় করা যাবে। সেই অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে আর টাকা কাটার সুযোগ থাকবে না। পরে প্রয়োজন হলে ব্যাঙ্কের শাখা অথবা ডিজিটাল অ্যাপের সাহায্যে পরিষেবাগুলি ফের চালু করা যাবে। তবে নিরাপত্তার স্বার্থে পুনরায় চালুর সময় ওটিপি কিংবা ব্যাঙ্ক নির্ধারিত অন্য কোনও যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে। বাণিজ্যিক, ক্ষুদ্র অর্থায়ন, পেমেন্ট, আঞ্চলিক গ্রামীণ এবং সমবায় ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করার প্রস্তাব রয়েছে (Reserve Bank of India)।

আরও পড়ুন: মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়নের ছক রাশিয়ার? চলতি বছরেই স্যাটেলাইট উৎক্ষেপণের ‘আশঙ্কা

শুধু পরিষেবা বন্ধ রাখাই নয়, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পাঁচ ধরনের সীমা বেঁধে দেওয়ার সুযোগও দিতে চায় আরবিআই। একবারে কত টাকা পাঠানো যাবে, প্রতিদিন একজন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা দেওয়া যাবে এবং একটি নির্দিষ্ট চ্যানেলে দৈনিক লেনদেনের অঙ্ক কত হবে, তা নিজেরাই ঠিক করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি সব ডিজিটাল মাধ্যম মিলিয়ে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং নির্দিষ্ট সময়ের জন্য পেমেন্ট পরিষেবা বন্ধ রাখার ব্যবস্থাও থাকবে। তবে কোনও অবস্থাতেই ব্যাঙ্কের নির্ধারিত সর্বোচ্চ সীমার বেশি অঙ্ক বেছে নেওয়া যাবে না। যেমন, ইউপিআইয়ে ব্যাঙ্কের সর্বোচ্চ লেনদেনের সীমা এক লক্ষ টাকা হলে গ্রাহক চাইলে তা কমিয়ে ২০ হাজার টাকা করতে পারবেন।

ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কার্ড চালু বা বন্ধ করতে পারবেন এবং লেনদেনের সীমাও পরিবর্তন করতে পারবেন। দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনের পাশাপাশি এটিএম, পিওএস মেশিন, অনলাইন এবং কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রেও এই নিয়ন্ত্রণ কার্যকর হবে। তবে গণপরিবহণে ব্যবহৃত প্রিপেড গিফট কার্ড এবং ট্রানজিট কার্ড এই নিয়মের আওতায় পড়বে না।

Reserve Bank of India is set to introduce new rules on the suspension of digital payments, including UPI.

আরও পড়ুন: নেপালেও IIT! তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে তৈরি হবে স্টার্টআপ হাব, কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?

তবে এখনই এই নিয়ম কার্যকর হচ্ছে না। আপাতত খসড়া প্রস্তাব প্রকাশ করে ব্যাঙ্ক, সাধারণ গ্রাহক এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামত চেয়েছে আরবিআই (Reserve Bank of India)। ২০২৬ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত নিজেদের পরামর্শ ও মতামত জানানো যাবে। সব দিক খতিয়ে দেখার পরেই চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন নিয়ম কার্যকর হলে ডিজিটাল লেনদেনের উপর গ্রাহকদের নিয়ন্ত্রণ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অনলাইন প্রতারণার ঝুঁকি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।