বাংলা হান্ট ডেস্ক : ধর্মীয় তীর্থক্ষেত্রে আসা ভক্ত ও সাধুসন্তদের জন্য খাবারের ব্যবস্থা নিয়ে এবার নতুন ভাবনা রাজ্য সরকারের (Government of West Bengal),। অল্প খরচে পেট ভরানোর পাশাপাশি নির্দিষ্ট খাদ্যাভ্যাস মেনে চলেন, এমন মানুষের প্রয়োজনের দিকেও নজর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই সরকারি ‘মা আহার’ প্রকল্পে (Maa Aahar Scheme) যুক্ত হতে চলেছে সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা। মাত্র পাঁচ টাকায় সাত্ত্বিক আহার দেওয়ার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশেষভাবে উপকৃত হবেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ।
সরকারের উদ্যোগে ‘মা আহার’-এ (Maa Aahar scheme) থাকবে নিরামিষ কাউন্টার
বিধাননগরে গৌরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই নতুন উদ্যোগের কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে উত্তর ২৪ পরগনার বারাসতে পরীক্ষামূলকভাবে নিরামিষ খাবারের কাউন্টার খোলা হবে। পরে পরিষেবাটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে নবদ্বীপ এবং মায়াপুরে। শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত এই দুই এলাকায় দেশ-বিদেশ থেকে বহু ভক্ত আসেন। তাঁদের অনেকেরই খাবারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ফলে এই ঘোষণাকে ঘিরে স্থানীয় বৈষ্ণব সমাজের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যজুড়ে অতিরিক্ত ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন গড়ে তোলা হবে। সাধারণ মানুষের যাতায়াত বেশি এমন জায়গা, যেমন হাসপাতাল, বাস টার্মিনাস ও ফেরিঘাটের আশপাশে সেগুলি চালুর পরিকল্পনা রয়েছে। এতদিন এই প্রকল্পে পাঁচ টাকায় ডিম ও মাছ-সহ আমিষ খাবার পাওয়া যেত। এবার বৈষ্ণব সমাজের আবেদনের ভিত্তিতে একই ক্যান্টিনে পৃথক নিরামিষ কাউন্টার রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে যাঁরা আমিষ খাবার গ্রহণ করেন না, তাঁরাও স্বল্পমূল্যে নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী আহার করতে পারবেন।
আরও পড়ুন : রবারের মতো শক্ত পনির নরম হবে ১০ মিনিটেই, জেনে নিন সহজ টোটকা
এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নবদ্বীপের বিভিন্ন মন্দিরের সেবাইতরা। ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের সেবাইত সুদিন গোস্বামী বলেন, “এটা আমাদের কাছে আনন্দের খবর। নবদ্বীপে যেমন বহু বৈষ্ণব থাকেন, তেমনি অনেকে বাইরে থেকেও আসেন। অনেকসময় তাঁদের ঠিকমতো প্রসাদ পাওয়া হয়ে ওঠে না। তাঁদের জন্য নিরামিষ আহারের এই ব্যবস্থা খুব ভালো সিদ্ধান্ত।”
শ্রীশ্রীচিন্তামণি কুঞ্জের সেবাইত কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আমরা নবদ্বীপবাসী চির কৃতজ্ঞ থাকব। এই প্রথম কোনো সরকার বৈষ্ণবসমাজের কল্যাণের কথা চিন্তা করল।” শ্রীশ্রী রাধামদনমোহন মন্দিরের সেবাইত প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামীও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁর কথায়, “বৈষ্ণবদের জন্য সাত্ত্বিক ভোজনের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই।” বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর মতে, এতদিন ‘মা আহার’ প্রকল্পে আমিষ খাবারেরই ব্যবস্থা ছিল। এবার বৈষ্ণবদের প্রয়োজন আলাদা করে বিবেচনা করায় নবদ্বীপ ও মায়াপুরে পরিষেবা চালু হলে বহু মানুষের সুবিধা হবে। এই প্রকল্পে তীর্থে আসা এমন বহু ভক্তও উপকৃত হবেন।












